সু.খবর ডেস্ক
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি একটি বড় সমস্যা। আর সমস্যা থাকলেও সমাধান বের করতে হবে, আমরা নানা বিকল্প প্রস্তাব তৈরি করছি এবং কোনো না কোনো পথ আমরা বের করবোই, এতে কোনো সন্দেহ নেই। শনিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য বিশ্বমানের শিক্ষা। শুধু জ্ঞান এবং প্রযুক্তি দিয়ে মাথা ভর্তি করলেই চলবে না। সেই সঙ্গে সৎ, নিষ্ঠাবান, ভালো মানুষ তৈরি করতে হবে। নতুন প্রজন্মকে দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রযুক্তি শুধু ভালো কাজেই লাগে না, খারাপও করে। এই যেমন আমাদের ব্যাংকের টাকা চুরি করে নিয়ে গেল। তাই আমাদের লক্ষ্য ভালো মানুষ ও দেশপ্রেমিক মানুষ গড়ে তোলা।
মন্ত্রী বলেন, আমাদের জানুয়ারি মাসেই নতুন বই বিতরণ করা হয়। আমরা পাঁচটি নৃ-গোষ্ঠীর ভাষায় বই ছাপছি। সেই সঙ্গে মানসম্মত শিক্ষা দিতে প্রায় ১০ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি।
তিনি বলেন, একটি কোচিং সেন্টারের বন্ধের ব্যবস্থা নেযা হয়েছে। সাইফুরস একজন শিক্ষক হয়ে বিজ্ঞাপন দিয়েছেন- ভালো ইংরেজি শিখতে হবে, তা-না হলে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হতে পারবে না। এমনকি ভালো বেকারও হতে পারবে না। চিন্তা করে দেখেন, কোন জায়গায় আমরা বসবাস করছি! একজন শিক্ষক বলছেন, তুমি ভালো চোর হতে গেলেও আমার কাছে এসে পড়ো। এজন্য আমি দুদককে বলেছিলাম। দুদককে ধন্যবাদ জানাই, তার নামে সমন জারি করেছে, তাকে জবাব দিতে হবে।
মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে আমরা আশাবাদী, তবে এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে ব্যবস্থা নেব।