- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এমপিরা তৃণমূল নেতাকর্মী থেকে বিচ্ছিন্ন -মতিউর রহমান

আকবর হোসেন, জামালগঞ্জ
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেছেন, ‘সুনামগঞ্জের ৫টি আসনের এমপিরা তৃণমূলের দলীয় নেতা কর্মীদের থেকে বিচ্ছিন্ন। গত ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন তার প্রমাণ। তৃণমূলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদেরকে পাশ কাটিয়ে ভয় ভীতির মাধ্যমে হায়ারি খেলোয়াড়রা (এমপিরা) জনপ্রতিনিধিদেরকে চাপ সৃষ্টি করে ভোট কেড়ে নিতে চেয়েছিলো। কিন্তু তাদের সেই মিথ্যে স্বপ্ন গুড়িয়ে দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও তৃণমূলের নেতাকর্মীরা।’ রবিবার বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে দেয়া জামালগঞ্জে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামালগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের      
মাঠে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শামীমের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক সবুজ কান্তি দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু।
সংর্বধিত অতিথি বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, ‘আমি আপনাদের ভালোবাসায় সিক্ত। বিগত নির্বাচনে যেভাবে আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন, আমার জন্য পরিশ্রম করেছেন তার ঋণ আমি কোন দিন শোধ করতে পারবো না। আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো আপনাদের ভাই সন্তান হয়ে।’
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাড. রনজিত সরকার,তাহিরপুর উপজেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবুল হোসেন খান, জেলা আ.লীগ নেতা অবনী মোহন দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, শংকর কান্তি দাস, আক্তারুজ্জামান সেলিম, তাহিরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, উপজেলা আ.লীগের সহ সভাপতি দিজেন্দ্র লাল দাস, স্বপন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, আ.লীগ নেতা সেলিম আহমদ, উপজেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন, মনসুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনফর আলী টুক।
সভায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এসপি রায় ফাউন্ডেশনের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন উপজেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন তালুকদার। সংবর্ধনা শেষে ফকির শাহাব উদ্দিন, শাহনাজ বেলীসহ শিল্পীরা সংগীত পরিবেশন করেন।  
 

  • [১]