- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এমপি’র কেন্দ্রে বিরোধী পক্ষের এজেন্ট নেই

বিশেষ প্রতিনিধি
‘কামখা বেরা-ছেড়া করিছ না বেটা, ভোট বাটবে (ভাগ করবে) কেমনে, ৪ জন মেম্বার, কারে কয়টা দিবে’ কেন্দ্রের বাইরে মধ্য বয়সি একজন (মনে হলো স্থানীয় গণ্যমান্যব্যক্তি) এক তরুণকে কথাগুলো বলছিলেন। এগিয়ে গিয়ে পরিচয় জানতে চাইতেই বললেন,‘আপনারে তো ভাই চিনি, আপনেতো সাংবাদিক, কামনাই নামটা নিবার, আমরার ইখানো ভোট শান্তিপূর্ণই হচ্ছে, কেউ কোন ঝামেলা করছে না, কেউ জাল ভোট দিতে পারছে না, ৪ জন ইউপি সদস্য প্রার্থী হয়েছে, জাল ভোট দিলে ইউপি সদস্যের এজেন্টরাই মারামারি লাগিযায়’। বৃহস্পতিবার দুপুর ২ টায় ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের সরকার দলীয় সংসদ সদস্য মুহিবুর   রহমান মানিকের গ্রাম আমেরতল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখার সময় এই প্রতিবেদকের সঙ্গে স্থানীয়দের এমন কথোপকথন হয়। এই ইউনিয়নে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই বিল্লাল হোসেন সরকার দলীয় প্রার্থী।
কেন্দ্রের ভিতরে গিয়ে দেখা গেল ৩ টি বুথের কোনটিতেই বিএনপি প্রার্থী অর্থাৎ ধানের শীষের কোন এজেন্ট নেই। আওয়ামী লীগের প্রার্থী অর্থাৎ নৌকা প্রতীকের এজেন্ট আছেন প্রত্যেক বুথেই। একজন ভোটারকে জিজ্ঞেস করেছিলাম ধানের শীষের কোন এজেন্ট দেখছি না। ফয়জুল করিম নামের ঐ ভোটার বললেন,‘তারারতো একজন মানুষ ঔ দেখছি না, কেউ বাইরে বইয়া (বসে) স্লিপ দিতেই দেখলাম না’। পাশে দাঁড়ানো আরেকজন ভোটার কেন্দ্রের পাশের গ্রাম ছোট বিয়াইয়ের খায়রুল হক তালুকদার বললেন,‘তারা আইলোনাতে আমরা কিতা করতাম, আমরাতো আটকাইছিনা’।
এই কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ৩ বুথে একজন এজেন্ট। নাম মহিউল ইসলাম। ভোট শান্তিপূর্ণ হচ্ছে কিনা জিজ্ঞেস করতেই তিনি বললেন,‘কোন সমস্যা নেই, ভোট শান্তিপূর্ণ হচ্ছে, জাল ভোট দেবার চেষ্টাও কেউ করছে না’। ৩ বুথে আপনি একা কীভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে মহিউল ইসলাম বলেন,‘একবার এই বুথে, আরেকবার ঐ বুথে যাচ্ছি’।
ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আলিম বললেন,‘আমি ঐ কেন্দ্রে এজেন্ট দেইনি, দিলে তারার মানুষঔ এজেন্ট দেওয়া লাগবো, ইতার লাগি, এজেন্ট দিছি না। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এজেন্টও আমেরতল গ্রামের নয়, অন্য গ্রামের, সে ওখানে এজেন্ট বলতে কেবল হাটাহাটি করছে’।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জসিম উদ্দিন বললেন,‘এটি এমপি সাহেবের বাড়ীর কেন্দ্র, পাশেই তাঁর বাড়ী, ভোট শান্তিপূর্ণ হচ্ছে, কোন বিশৃঙ্খলা ২ টা পর্যন্ত হয়নি, বাকী সময়ও হবে না, ইনশাল্লাহ্’।

  • [১]