- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এমপি রতনের বাসায় হামলার ঘটনায় মামলা- জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়কসহ আসামী ১৪

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের সুনামগঞ্জ শহরের বাসভবনে হামলা ও ইটপাটকেল ছুড়ার ঘটনায় শুক্রবার দুপুরে মামলা হয়েছে। এমপি রতনের সুনামগঞ্জ শহরের বাসভবন পায়েল পিউ’ এর তত্বাবধায়ক সৈয়দ সুজন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, পৌর যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর আবাবিল নূর, যুবলীগ নেতা হাসানুজ্জামান ইস্পাহানী, শিমন চৌধুরী, মনির হোসেন, বিল্লাল চৌধুরী, সজিব, জনি হোসেইন, দীপংকর কান্তি দে, গিয়াস উদ্দিন, পিন্টু বণিক ও ফয়সলসহ ১৪ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে  ও যোগসাজসে পিস্তল, রামদা, চাপাতি, লোহার রড, হকিস্টিকসহ আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের সুনামগঞ্জ শহরের বাসভবনে হামলা চালায়। হামলাকারীরা এমপি রতনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাসায় ভাংচুর করে।
তবে এই মামলা মিথ্যা ও হয়রানীমূলক দাবি করে জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেন,‘ এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বাসায় হামলার সাথে যুবলীগের কোন নেতাকর্মী জড়িত নয়। জেলা, উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীদের অভিযুক্ত করা দুঃখজনক। আওয়ামী লীগের দলীয় একজন সংসদ সদস্য হয়ে         
যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনাটি হতাশজনক। এতে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। ’
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, ‘সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বাসায় হামলায় ঘটনায় জড়িত ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে আবাবিল নূর, হাসানুজ্জামান ইস্পাহানী, এহসান আহমদ উজ্জ্বলসহ ১৪ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।’
প্রসঙ্গত. বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে শহরের মল্লিকপুর (পুলিশ লাইন্সের বিপরীতে) ‘পায়েল পিউ’এ এই হামলার ঘটনা ঘটে। সংসদ সদস্য রতন বাসায় না থাকায় এবং বাসার প্রধান ফটক তালাবদ্ধ থাকায় বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। এ ঘটনায় রাতেই সুনামগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর আবাবিল নূরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমপি রতনের দাবি যুবলীগের কিছু নেতাকর্মী এ হামলার ঘটনা ঘটিয়েছে।

  • [১]