সু.খবর ডেস্ক
আন্তর্জাতিক বিরতি শেষে লিগে উত্তেজনা ফেরানোর মতো বেশ বড় একটা ম্যাচই পাচ্ছে স্প্যানিশ লিগ। মাদ্রিদ ডার্বি। রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো, তো ওদিকে আঁতোয়ান গ্রিজমান। এদিকে ডাগআউটে জিনেদিন জিদান, তো ওদিকে ডিয়েগো সিমিওনে।
কোটি কোটি দর্শক, দুই দলের সমর্থকেরা ম্যাচটি নিয়ে উত্তেজিত। তবে এর সঙ্গে আরও কয়েক জোড়া চোখও এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে, বার্সেলোনার কোচ ও খেলোয়াড়দের চোখ। লুইস এনরিকে ও তাঁর দল হয়তো সমর্থনও দেবেন অ্যাটলেটিকোকে। কেন? ৩ ডিসেম্বর হতে যাওয়া ‘এল ক্লাসিকো’র আগেই পয়েন্ট তালিকায় রিয়ালের ওপরে থাকার জন্য। এবার যদিও ভিয়ারিয়াল ও সেভিয়া এখনো আছে দৌড়ে, তবে এমনিতে স্প্যানিশ লিগে এই তিন দলই মূলত শিরোপা প্রতিদ্বন্দ্বী। তা এই ম্যাচে তো চোখ রাখারই কথা বার্সেলোনার। ‘শত্রু’দের খোঁজ খবর রাখতে হবে না! তবে বার্সা এই ম্যাচে অ্যাটলেটিকোকে সমর্থন দেবে এল ক্লাসিকো আর স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকার হিসেব-নিকেশের সুবিধার জন্য।
এখন পর্যন্ত পয়েন্ট তালিকায় ২৭ পয়েন্ট নিয়ে রিয়াল আছে সবার ওপরে, দুই পয়েন্ট কম নিয়ে তারপরই আছে বার্সা। অ্যাটলেটিকো ২১ পয়েন্ট নিয়ে চারে, সমান পয়েন্ট নিয়েও গোলগড়ে পিছিয়ে পাঁচে সেভিয়া। আর তিনে ভিয়ারিয়াল, ২২ পয়েন্ট তাদের।
৩ ডিসেম্বর রিয়াল ও বার্সার ম্যাচ। তার আগে তিনটি করে ম্যাচ আছে সবার। এ নিয়েই স্প্যানিশ দৈনিক মার্কা লিখেছে, পরশু নিজেদের মাঠের ম্যাচটিতে যদি অ্যাটলেটিকো জেতে, আর বার্সেলোনা লিগে নিজেদের পরের দুই ম্যাচে হারাতে পারে মালাগা ও রিয়াল সোসিয়েদাদকে, তাহলে ‘এল ক্লাসিকো’র আগে স্প্যানিশ তালিকার শীর্ষে উঠে যাবে লুইস এনরিকের দলই।
একটু সুদূরপরাহতই হিসেবটা। তিনটি করে ম্যাচ, কত সমীকরণ উল্টে পাল্টে যাবে তাতে, কে জানে। তা ছাড়া ৩ ডিসেম্বরে পয়েন্ট তালিকার হিসেব অত গুরুত্ব দিয়ে করতে যায় কে? মে মাসে লিগ শেষেই সবার ওপরে থাকার দিকেই নিশ্চয়ই চোখ থাকবে রিয়াল, বার্সা ও অ্যাটলেটিকোর।
তবে ওই যে, এল ক্লাসিকো বলে কথা। মাঠে নামার আগেই যদি চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে একটু এগিয়ে থাকা যায়, ক্ষতি কি? রিয়াল নিশ্চয়ই সেই সুযোগটা দিতে চাইবে না বার্সাকে! সূত্র: মার্কা।