গোপা চৌধুরী
আমরা ছোটবেলায় পড়েছি “আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে” জানি না কেন কোন কবি ই লিখেননি “আমাদের দেশে হবে সেই ‘মেয়ে ‘কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে।” তবে আমাদের সরকারী এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের কথায় বড় না হয়ে কাজে বড় হওয়া এমনই একজন গোপা চৌধুরী। সুনামগঞ্জের দিরাই এর রাজনাও থানার চৌধুরীবাড়ি নামে পরিচিত জমিদার পরিবারে তাঁর জন্ম ১৯৫৮ সালে । বাবা গিরীজা চৌধুরী মা মনোরমা চৌধুরীর তৃতীয় সন্তান। ুনামগঞ্জের জামাইপাড়ায় তাদের পৈত্রিকনিবাস। ১৯৭৩ সালে এসএসসি পাশ করেন এসসি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। সুনামগঞ্জ কলেজ থেকে আইএসসি পাশ করেন । সুনামগঞ্জ কলেজ থেকে বিএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিসটিক্সে মাস্টারস পাশ করেন ১৯৮২ সালে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রোকেয়া হলে তাঁকে দেখেছিলাম ভীষণ সাধারণ। পড়া ছাড়া জগতের আর কোন বিষয়েই কোন আগ্রহ নাই। সাইন্স এনেক্স , লাইব্রেরি আর রোকেয়া হল। বই ,পড়া আর পড়া। অথচ তাঁর সাথে কথা বলে জেনেছি “আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান।” সুনামগঞ্জের আকাশ , আকাশের রঙ বদল, মেঘালয় পাহাড়ের নীল আর প্রবাহমান সুরমার রূপ তাঁর মনে দোলা দিয়ে যেতো। সুনামগঞ্জের প্রকৃতিকে আর সুনামগঞ্জকে ভালবাসেন। মানুষের জন্য তাঁর অপরিসীম ভালবাসা। সপ্তম বিসিএস দিয়ে ১৯৮৫ সালে তিনি এডমিন ক্যাডারে যোগ দেন। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ে যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। ১৯৮৯ সালে ডাঃ বিপুল চন্দ র সাথে বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তান পিয়াল চন্দ পেশায় একজন ইঞ্জিনিয়ার । বর্ণাঢ্য কর্মজীবনে বহু দেশ ভ্রমণ করেন। ইংল্যান্ড , ফ্রান্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জার্মানী, ডেনমার্ক, সিঙ্গাপুর,থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও ভারত । বই পড়তে আর গান শুনতে ভালবাসেন। দেশকে ভালবাসেন। দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করতে ভালবাসেন। আমি তাঁর মঙ্গলময় জীবন কামনা করি।