- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এসসি বালিকায় এক আবেদনেই হয় লটারি/গচ্ছা গেছে অতিরিক্ত ফরমের টাকা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তিতে আবেদনকারী শিক্ষার্থীদের একটি ভর্তি ফরমই আমলে নিয়েছেন ভর্তি কমিটি। অতিরিক্ত ফরম কোন কাজে আসেনি শিক্ষার্থীদের। এই টাকা গচ্ছা গেছে অভিভাবকদের। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নতুন জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়। মতবিনিময় সভায় নয়া যোগদান করা জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সুনামগঞ্জে কর্মকালীন সময়ে সকল কাজে সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য দেবার সময় সাংবাদিক মিজানুর রহমান ও বিন্দু তালুকদার গেল ১১ ডিসেম্বর রাতে হওয়া সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি লটারিতে নিয়মের ব্যত্যয় ঘটার প্রসঙ্গে তুলে ধরেন। গণমাধ্যম কর্মীরা বলেন, এখানে অফলাইনে ভর্তি ফরম পূরণের সুযোগ নিয়ে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের একাধিক ফরম কিনিয়ে একেকজন শিক্ষার্থীর কাছ থেকে ১১০ টাকার স্থলে ৪৪০ থেকে ৮৮০ টাকাও আদায় করেছেন। কিন্তু ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থীর একটি ভর্তি ফরমই আমলে নেওয়া হয়েছে জেনেছি আমরা। শিক্ষার্থীরা অতিরিক্ত ভর্তি ফরমের টাকা ফেরৎ পাবে কী-না, এই বিষয়েও জানতে চাওয়া হয় জেলা প্রশাসকের কাছে।
জেলা প্রশাসক যেহেতু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাই এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে অনিয়মের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি করেন গণমাধ্যম কর্মীরা।
গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে ভর্তি কমিটিতে জেলা প্রশাসকের পক্ষে দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) শেখ মহিউদ্দিন বললেন, এই বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একাধিক ফরম বিক্রয়ের বিষয়টি আমাদের জানা ছিল না। লটারি প্রক্রিয়ার কাজ শুরু করতে গিয়ে এটি আমাদের জানা হয়। পরে দীর্ঘ সময় বাছাই করে করে একজন শিক্ষার্থীর একটি ভর্তি ফরম লটারিতে গ্রহণ করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী ১২০ আসনেই লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী বাছাই হয়েছে।
এভাবে ভবিষ্যতে আর অফলাইনে ভর্তি ফরম বিক্রয় হবে না জানিয়ে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বললেন, ভবিষ্যতে অনলাইনেই ভর্তির আবেদন গ্রহণ নিশ্চিত করা হবে। জেলা প্রশাসক হাওর রক্ষা বাঁধসহ সকল কাজে সাংবাদিকদের সহযোগিতা প্রদানের অনুরোধ জানান। প্রসঙ্গত. সুনামগঞ্জ এসসি বালিকায় ভর্তি পরীক্ষায় একাধিক ফরম বিক্রয় নিয়মের ব্যত্যয় উল্লেখ করে গত ১০ ডিসেম্বর দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ প্রকাশ হয়েছিল।
মতবিনিময় সভায় জ্যেষ্ঠ গণমাধ্যম কর্মী শেরগুল আহমদ, পঙ্কজ দে, বিজন সেন রায়, বিন্দু তালুকদার, মাহবুবুর রহমান পীর, আল হেলাল, মাসুম হেলাল, সেলিম আহমদ তালুকদার, এমরানুল হক চৌধুরী, এ আর জুয়েল, হিমাদ্রি শেখর ভদ্র, শাজাহান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। বিপূল সংখ্যক গণমাধ্যমকর্মী এসময় উপস্থিত ছিলেন।

  • [১]