- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘এ আইন সংসদ ও বিচার বিভাগকে মুখোমুখি দাঁড় করাবে না’

সু.খবর ডেস্ক
আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক বলেছেন, সংসদের ওপর আস্থা রেখেই ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন, ২০১৬’ করা হয়েছে। এ আইন সংসদ ও বিচার বিভাগকে মুখোমুখি দাঁড় করাবে না। বরং বিচারকদের বিচার কাজের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে। মঙ্গলবার আইন কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘আইনটি এখনও চূড়ান্ত হয়নি। মন্ত্রিসভায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে মাত্র। প্রয়োজনে সংযোজন- বিয়োজন করা যেতে পারে। এ আইন প্রণয়নের ফলে বিচারকরা হয়রানির শিকার হবেন না। তবে কোন বিচারক আইনের উর্ধ্বে নন। জনগণের কাজে তাদের জবাবদিহিতা করতে হবে। আর জনগণের নির্বাচিত প্রতিনিধি হলেন সংসদ সদস্যরা।’
সাবেক এ প্রধান বিচারপতি বলেন, ”বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন, ২০১৬’ করা হয়েছে বাহাত্তরের সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে। এ আইনের উদ্দেশ্য বিচারকদের অপসারণ করা নয়। তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্ত করা।’
সোমবার উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে দিতে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন, ২০১৬’ খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর আগে সংবিধান সংশোধন করে বিচারপতিদের অপসারণের (অভিশংসন) ক্ষমতা সংসদের হাতে দিতে ২০১৪ সালে ‘সংবিধান (ষোড়শ সংশোধন) আইন, ২০১৪’ করেছে সরকার।

  • [১]