- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে-পরিকল্পনামন্ত্রী

জামালগঞ্জ অফিস
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষ সম্মান ও সমান মর্যাদা নিয়ে বসবাস করছেন। এই সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে মিলে রক্ষা করতে হবে। এজন্য বড় সম্প্রদায় হিসাবে মুসলমানদেরই বেশি আন্তরিক থাকতে হবে। জামালগঞ্জ উপজেলার নবীন চন্দ্র উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। শনিবার সকালে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়।
সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক রনজিত তালুকদারের সভাপতিত্বে ও সদস্যসচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও সিলেট জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক শ্রীচরণ দাস পুরকায়স্থ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমর কান্তি সরকার, প্রাক্তন ছাত্র সুব্রত পুরকায়স্থ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান এমপি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ১২ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে উপরে তুলে এনেছেন। তিনি চান গ্রামের গরিব, কৃষক, শ্রমিক মেহনতি মানুষের জীবনের পরিবর্তন। আমরা তাঁর নির্দেশনায় কাজ করছি।
তিনি বলেন, দেশে যারা বড় সম্প্রদায়, সংখ্যায় যারা বেশি, তাঁদেরই সম্প্রীতি রক্ষার দায়িত্ব বেশি। দেশে ৮০-৯০ ভাগ মানুষ মুসলমান। অন্য ধর্মের যারা রয়েছেন, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ী কিংবা হিন্দুদের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দায়িত্ব মুসলমানদেরই বেশি। এজন্য জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদেরও ভূমিকা রাখতে হবে। মনে রাখবেন গন্ডগোল লাগলে কেউ রক্ষা পাবেন না। অতীতে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন। আর কখনোই যেন এমন দুর্দশা না হয়।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, পরিস্কার-পরিচ্ছন্ন হাওরের মুক্ত এলাকায় অত্যন্ত সুন্দর স্কুল এটি। শিক্ষা প্রসারে স্কুল-কলেজের দরকার আছে। তার পাশাপাশি রাস্তাঘাটেরও প্রয়োজন আছে। শুধু রাস্তাঘাট, স্কুল-কলেজ থাকলেই হবে না। প্রকৃতির সুরক্ষার জন্য হিজল-করচ গাছও লাগানো দরকার। আর এ গাছ লাগালে স্কুলের নিরাপত্তার জন্য সুন্দর দেয়াল হয়ে যাবে। তারপরও যেহেতু আপনারা দেয়ালের কথা বলছেন দেয়াল হবে। আপনাদের সাংসদ চেষ্টা করলে আগামীতে কলেজও হবে। এখন ডিজিটাল জামানা। আমাদের ছাত্রছাত্রীদের তথ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এর জন্য প্রয়োজন কারিগরী শিক্ষা।

  • [১]