- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঐক্য ও উদারতার এই দৃষ্টান্ত অনুসৃত হোক সর্বত্র

দলমত নির্বিশেষে দক্ষিণ সুনামগঞ্জের ৮ ইউনিয়নের নবনির্বাচিত সকল ইউপি চেয়ারম্যান শনিবার রাতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের সাথে তাঁর ঢাকার সরকারি বাসায় দেখা করে শুভেচ্ছা জানিয়েছেন। ম্ন্ত্রীও নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দের দলীয় পরিচয় ভুলে গিয়ে উদারভাবে সকলকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পক্ষে সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি নবনির্বাচিত চেয়ারম্যানগণকে স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকা-কে বেগবান করার আহ্বান জানিয়েছেন। আমাদের দেশে ঐতিহ্যিকভাবে ইউনিয়ন পরিষদগুলো অরাজনৈতিক নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের যে ধারা চালু ছিল এ যেন তারই একটি দৃশ্য ছিল। আমরা জানি দক্ষিণ সুনামগঞ্জের ৮ ইউনিয়নের মাত্র তিনটিতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন। অবশিষ্ট বিজয়ী ৫ চেয়ারম্যানই আওয়ামীলীগ বিদ্রোহী, বিএনপি কিংবা স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ১ জন ছিলেন বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত। আমাদের রাজনৈতিক সংস্কৃতি অনুসারে রাজনীতিতে বিভাজনের যে ধারা প্রবহমান তাতে বিজয়ী প্রার্থীদের রাজনৈতিক পরিচয়টিই মুখ্য হয়ে উঠার কথা ছিল। কিন্তু স্থানীয় উন্নয়নের এইসব প্রতিষ্ঠান যদি সুষ্ঠুভাবে উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন করতে চায় তাহলে তাদেরকে নিজেদের রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে সরকার ও প্রশাসনের সাথে সমন্বয় করেই চলতে হবে। চেয়ারম্যানরা যেমন এই বোধ দ্বারা তাড়িত হয়েছেন তেমনি সদাশয় মন্ত্রীও এক্ষেত্রে বিশাল উদারতার পরিচয় দিয়ে নিজের মহত্ত্ব প্রমাণে সক্ষম হলেন। এজন্য আমরা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও দক্ষিণ সুনামগঞ্জের নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যানকে অভিনন্দন জানাই।
বাংলাদেশের রাজনীতিতে আদর্শিক বিভাজনের ইতিহাস অনেক পুরানো ও সর্বগ্রাসী। সর্বত্র ব্যক্তির রাজনৈতিক পরিচয়টিই মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। যে কারণে দেখা যায় এক সরকারের আমলে যে নীতি অনুসরণ করা হয় অন্য সরকার এসে সেটি পরিবর্তন করে। এতে যে উন্নয়নের ধারাবাহিকতা নষ্ট হয় সে খেয়াল করা হয় না অনেক সময়। ইউনিয়ন পরিষদ কোন আইন কিংবা নীতি প্রণয়নকারী প্রতিষ্ঠান নয়। এটি নিতান্তই স্থানীয় উন্নয়ন কর্মকা- সমন্বয় করার একটি নির্বাচিত ফোরাম মাত্র। এবার হয়তো এই নির্বাচনকে একটি রাজনৈতিক মোড়কে আবৃত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এতে প্রতিষ্ঠানটির মৌলিক কাজের কোন হেরফের হবে না। সুতরাং বিএনপি কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসাবে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা কি ক্ষমতাসীন আওয়ামী সরকারের কোন সহায়তা পাবেন না? এই প্রশ্নেরই উত্তর দিয়েছেন আমাদের সজ্জন মন্ত্রী এই বলে যে, সরকার স্থানীয় সরকার প্রতিনিধিদের স্বাধীনভাবে কাজ করতে দেবার পক্ষে। মন্ত্রীর এই আশ্বাসের পর কারো মনে আর কোন দ্বিধা থাকা উচিৎ নয় বলে আমরা মনে করি।
মন্ত্রী আরেকটি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন। সেটি হলো স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। এই বিভাজনটি অবশ্যই আমাদের দূর করতে হবে। আমরা জানি দেশের প্রধান বিরোধী দল (সংসদের বাইরে) বিএনপি নিজেদের স্বাধীনতার ঘোষকের দল বলে দাবি করেন। এই দলে অনেক বীর মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দায়িত্ব পালন করছেন। সুতরাং স্বাধীনতাবিরোধিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার অভিপ্রায়ের সময় অবশ্যই আমরা বিএনপিকে সহায়ক শক্তিরূপেই দেখতে স্বাচ্ছন্দ্য অনুভব করব। বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বিষয়টিকে খুব দ্রুত বিলীন করতে হবে। নতুবা কাক্সিক্ষত উন্নয়ন কখনও সম্ভব হবে না।
দক্ষিণ সুনামগঞ্জে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর নেতৃত্বে ঐক্য ও উদারতার যে দৃষ্টান্ত স্থাপিত হলো আমরা চাইব জেলার সর্বত্রই এই দৃশ্যের পনরাবৃত্তি ঘটুক ও স্থায়িত্ব পাক।

  • [১]