সু.খবর ডেস্ক
জাতীয় ঐক্য চাইলে ‘ভুয়া’ জন্মদিন পালন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘যারা শোকের মাসে জাতির জনকের রক্তের ওপর দাঁড়িয়ে ভুয়া জন্মদিন পালন করে, তারা জাতীয় ঐক্য করতে চায় না বরং নতুন সমস্যার সৃষ্টি করতে চায়।’
শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘সন্ত্রাস ও উগ্রবাদকে যারা প্রশ্রয় দিয়ে এ দেশে প্রতিষ্ঠিত করেছে, তারা উগ্রবাদ নিরসনের নামে ঐক্য করতে চায় এটা বড়ই হাস্যকর। আমি বলবÍআপনি যদি ঐক্য চান তাহলে শোকের মাসে ভুয়া জন্মদিন পালন থেকে বিরত থাকুন, তারপর ভেবে দেখব।’
শেখ কামালের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ কামাল বৈচিত্র্যময় এক তরুণের নাম। তার প্রাত্যহিক রুটিন বলে দেয় কতটুকু প্রতিশ্রুতিশীল ছিলেন তিনি। সকালে খেলার মাঠে, এরপর মধুর ক্যানটিন, ক্লাসরুম, টিএসসি। বিকেলে তার প্রতিষ্ঠিত স্পন্দন শিল্পীগোষ্ঠীতে, রাতে বাসায়। এভাবে তাঁর প্রতিটা দিন কেটেছে। তাই আমি মনে করি, কোনো তরুণ যদি তাঁর আদর্শ কর্ম চঞ্চলতাকে অনুসরণ করে তাহলে তারা বিপথগামী হবে না।’
জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারদলীয় নেতা-কর্মীদের ব্যানার পোস্টার ও বিলবোর্ডের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শোকের মাসেও নেতা হওয়ার পলিসি করেন? ব্যানার পোস্টার দিয়ে নেতা হওয়া যায় না। এসব ব্যানার ম্লান হয়ে যাবে, ছিঁড়ে যাবে কিন্তু হৃদয়ে লিখুন তাহলে থেকে যাবে। বঙ্গবন্ধু ও তাঁর কন্যা শেখ হাসিনা ব্যানার পোস্টার দিয়ে নেতা হননি।’
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।