- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঐতিহাসিক জয়ের নায়কেরা

সু.খবর ডেস্ক
১৭ বছরে কত জয় এলো-গেলো। অবশ্য জয়ের চেয়ে হারের অঙ্কটাই বড়। কিন্তু শততম টেস্ট জয়ের ভাগীদার হওয়া সত্যিই গৌরবের। লঙ্কানদের বাড়ির উঠোনে গিয়ে এভাবে জয় চিনিয়ে আনা চারটি খানি কথা নয়। তবে যাদের নৈপুণ্যে শততম টেস্ট জিতেছে বাংলাদেশ, তাদের দেখে নিন এক পলকে।
তামিম ইকবাল: দুই ইনিংস মিলিয়ে ঝুলিতে পুরেছেন ১৩১ রান। প্রথম ইনিংসে ৪৯ আর দ্বিতীয় ইনিংসে চোখ জুড়ানো ৮২ রান বাংলাদেশের জয়ে বিরাট অবদান রাখে।
সাকিব আল হাসান: ব্যাটে-বলে অসাধারণ সাকিব। করেছেন ১৩১ রান ও নিয়েছেন ৬টি উইকেট। তামিম হতে পারেন দ্বিতীয় ইনিংসের নায়ক। কিন্তু ম্যাচের মূল চরিত্র সাকিবই।
সাব্বির রহমান: প্রথম টেস্টে দলে ছিলেন না সাব্বির। কিন্তু দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে দারুণ করেছেন সাব্বির। প্রথম ইনিংসে ৪২ রান করেন তিনি।  আজ তো তামিমকে নিয়ে দুর্দান্ত খেলেছেন সাব্বির। শেষমেশ ৪১ রান করে বিদায় নেন তিনি।
মোস্তাফিজুর রহমান:  ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই ঝলমলে পারফর্ম করেছেন মোস্তাফিজ। উইকেট কম পেলেও বেশ কিপটে বোলিং করেছেন তিনি। দুই ইনিংস থেকে মোস্তফিজের শিকার ৫টি।
মুশফিকুর রহিম: ৭৪ রান সঙ্গে ৫ ডিসমিসাল। দলের দুঃসময়ের কাণ্ডারিও শততম টেস্ট জয়ের জন্য কম খাটেননি। চোয়ালবন্ধ লড়াই করে ভক্তদের নজর কাড়েন মুশফিক।
মোসাদ্দেক হোসেন: অভিষেক টেস্টে আলো ছড়ানো মোসাদ্দেক হোসেনও শততম টেস্ট জয়ে দারুণ অবদান রাখেন। প্রথম ইনিংসে ৭৫ আর আজ ১৩ রান করেন তিনি। মোট ৮৮ রান নিয়ে তাঁর নামটাও ঐতিহাসিক জয়ের খাতায় লেখা থাকবে।
উপরিউক্ত ক’জন ছাড়াও অন্যদের মোটেও অবহেলার সুযোগ নেই। কেউই কম চেষ্টা করেননি। চোখে চোখ রেখে লড়াই করেছে। এককথায় দলগত চেষ্টার ফল হিসেবেই বাংলাদেশ পেল শততম টেস্ট জয়।

  • [১]