সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর দর্শনার্থীদের জন্য খোলে দেয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি পূর্ণতা প্রাপ্ত হলো। মূলত জেলা সুনামগঞ্জের ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক, কৃষি, মৎস্য, জীবন-জীবিকা এমন সব বিষয়ের কিছু নিদর্শন মানুষের সামনে তোলে ধরার প্রয়াস থেকেই ঐতিহ্য যাদুঘর গঠন চিন্তার উন্মেষ হয়েছিলো। পুরাতন কালেক্টরেট ভবনে এই যাদুঘরটি প্রতিষ্ঠা করার কারণে এটির অবস্থান শহরের কেন্দ্রস্থলে। সংগতকারণেই ইতিহাস ও ঐতিহ্যিক নিদর্শন দেখতে আগ্রহী মানুষের আগমন করা এখানে সহজ হবে। আমরা জানতে পেরেছি জেলার সুপ্রাচীন ইতিহাস থেকে শুরু করে যাবতীয় ঐতিহ্য ও বৈশিষ্ট্যকে ধারণ করে এখানে নানা প্রদর্শনী ও উপাদানের সমাহার ঘটানো হয়েছে। যাদুঘরে নতুন নতুন নিদর্শন আসছে। এই ভুক্তির ধারা অব্যাহত থাকবে। সুতরাং যেসব ঐতিহাসিক উপাদান নিয়ে যাদুঘর যাত্রা শুরু করেছে ক্রমশ সেটি আরও সমৃদ্ধ হতে থাকবে। জেলা সুনামগঞ্জ, এর মানুষ ও মানুষের জীবনাচরণকে যারা বুঝতে চান তাদেরকে অবশ্যই একবার এই যাদুঘর ভ্রমণ করতে হবে। বিষয়ভিত্তিকভাবে সাজানো প্রদর্শনীসমূহ তাদেরকে সুনামগঞ্জকে আত্মস্থ করতে সাহায্য করবে। আমরা জেলার নতুন প্রজন্মের নাগরিকবৃন্দসহ প্রতিদিন বাইরে থেকে সুনামগঞ্জ আসা সকলকে অন্তত একবার ঐতিহ্য যাদুঘরটি ভ্রমণ করার অনুরোধ জানাই।
ঐতিহ্য যাদুঘর নিয়ে আমাদের কিছু স্বপ্ন কিছু প্রত্যাশা রয়েছে। এর সবগুলো এখনই পূরণ হবে না। ধীরে ধীরে সেগুলো অর্জিত হবে। তবে প্রাথমিকভাবে কিছু ব্যবস্থা নেয়া যেতে পারে যেগুলো যাদুঘর দর্শনে আসা মানুষজনের আগ্রহ মিটাতে সহায়ক হবে। এর মধ্যে রয়েছে, যাদুঘরে রক্ষিত প্রতিটি নিদর্শন সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখেন এমন এক বা দুইজন প্রশিক্ষিত গাইড। যারা দর্শনার্থীদের নানা প্রশ্নের জবাব দিয়ে তাদের জানার ইচ্ছা মেটাবেন। আরেকটি বিষয় হলো, যাদুঘরে সংরক্ষিত প্রতিটি ভুক্তির সচিত্র পরিচিতি, নিদর্শনটি কবেকার, কার মাধ্যমে সংগৃহীত হয়েছে এমন বিবরণসম্বলিত একটি স্যুভেনির প্রকাশ। এটি আগ্রহীদের নিকট নির্ধারিত মূল্যে বিক্রি করা যেতে পারে। প্রাপ্ত তথ্য হতে জানা যায়, যাদুঘরটি প্রতিদিন বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। কর্মদিনে মানুষ সাধারণত বিকাল ৫টার পর অবসর পান। তাই প্রতিটি কর্মদিনে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখার বিষয়টি সম্ভব হলে বিবেচনার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে বছরে অন্তত একবার শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে এই যাদুঘর পরিদর্শন করেন সেজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থা করতে পারেন। যাদুঘর কর্তৃপক্ষের সাথে আলোচনাস্বাপেক্ষে তাঁরা শিক্ষাসফরের সময়সূচী নির্ধারণ করতে পারেন। শিক্ষার্থীদের দর্শনের মধ্য দিয়ে তাদের মনে জেলা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা জন্ম নিবে।
ঐতিহ্য যাদুঘর, শিল্পকলা একাডেমী, স্টেডিয়ামকে নিয়ে শহরের এই এলাকাটি এখন এক ধরনের নান্দনিক রূপ ধারণ করেছে। তবে এসব প্রতিষ্ঠানের বাইরে এই এলাকাটিতে এখনও সরকারি কিছু অব্যবহৃত স্থাপনা রয়েছে যেগুলো পরিত্যক্ত অথবা অন্যবিধ ব্যবহারের ফলে এই নান্দনিক সৌন্দর্যকে ব্যাহত করছে। শহরবাসী চাচ্ছেন ঐতিহ্য যাদুঘর থেকে স্টেডিয়াম পর্যন্ত পুরো এলাকাটি একটি পরিকল্পিত ব্যবস্থাপনার আওতায় আসুক যা সকল শ্রেণি-পেশার মানুষের সাংস্কৃতিক কর্মকা-, খেলাধূলা ও বিনোদন চাহিদা মেটাতে সক্ষম হবে। পৌরসভাকে নিয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যরা বিষয়টি ভেবে দেখতে পারেন। এর ফলে একদিকে শহরের সৌন্দর্য বাড়বে অন্যদিকে জেলার নাগরিকদের বিভিন্ন মনোদৈহিক চর্চা বিস্তৃত হওয়ার পাশাপাশি অবসর কাটানোর একটি উত্তম ব্যবস্থাও গড়ে উঠবে।