- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঐতিহ্য হারাতে বসেছে নদীবন্দর সাচনাবাজার

আকবর হোসেন, জামালগঞ্জ  
নদীবন্দর খ্যাত সাচনা বাজারের সুনাম সারা দেশব্যাপী। বিশেষ করে কয়েক জেলার ভাটি এলাকার মধ্যে যে কয়টি হাট বাজার উল্লেখযোগ্য তাদের অন্যতম এই বাজার। বাংলাদেশের অধিকাংশ নদী বন্দর থেকে সাচনা বাজার হয়ে সিলেটের বিভিন্ন অঞ্চলে মালামালবাহী জলযান যাতায়াত করতো। খুলনা, নারায়নগঞ্জ, ঢাকা, ভৈরব, আশুগঞ্জ থেকে প্রতিদিন কার্গো, লঞ্চ ও বড় বড় ইঞ্জিন চালিত নৌকায় মালামাল আসে। এখনো ঢাকা ভৈরব আশুগঞ্জ কিশোরগঞ্জ সহ কয়েকটি জেলার সাথে নিয়মিত লঞ্চ যোগাযোগ রয়েছে। সস্তায় পণ্য পরিবহনের পাশাপাশি যাত্রী সাধারণও আরাম আর সস্তা হিসেবে নদী পথকে ব্যবহার করছেন। সাচনা বাজার ইজারা, সাচনা ট্রলারঘাট, ছোট বড় ঘাট ইজারা সহ ব্যবসায়ীদের কাছ থেকে কর হিসেবে বড় অংকের টাকা সরকারী কোষাগারে জমা হচ্ছে। সাচনা বাজারের অর্থ যোগান জামালগঞ্জ উপজেলায় একটা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কিন্তু সব কিছুর পর সাচনা বাজারের ব্যবসায়ীরা অবহেলিত,আর নির্যাতিত। প্রবাদে আছে বুক ফাটে তো মুখ ফুটেনা সাচনা বাজারের ব্যবসায়ীদের।
জানা যায়, সাচনা জমিদার পরিবারের বাগানের অবশিষ্ট ফলমূল সহ বিভিন্ন সবজি তাদের গোমস্তারা পিয়াইন নদীর পাড়ে একটি ছোট বট গাছ তলায় এসে বিক্রি করতেন। ধীরে ধীরে আশ পাশের মানুষজনও আসতো একটা কিছু নিয়ে। পরবর্তীতে এই গাছটিকে কেন্দ্র করেই মানুষজন জড়ো হতো এসে। প্রথমে মা কালির নামে এই বাজার কালিগঞ্জ হিসেবে পরিচিত ছিলো। স্বাধীনতার যুদ্ধের সময় বীর যোদ্ধা সিরাজুল হক শহীদ হওয়ার পর তার নামে সাচনা বাজারের নাম সিরাজ নগর করা হয়। সরকারীভাবে স্বীকৃতি না পাওয়ায় পরবর্তীতে এটি বিলুপ্ত হয়ে পুনরায় সাচনা বাজার নামে স্থায়ী রূপ ধারণ করে।  
সাচনা বাজারে শুরু থেকেই সাচনা ও হবিগঞ্জের বিথঙ্গল থেকে আসা সনাতন ধর্মের কিছু ব্যবসায়ী, ঢাকার কজন ও পরবর্তীতে এখানকার স্থানীয় কিছু লোক সাচনা বাজারে ব্যবসার সূচনা করেন। যা বর্তমানেও অতীতের ধারা অব্যাহত রয়েছে। সাচনা বাজারের ব্যবসায়ীদের অভিযোগের শেষ নেই। বার বার সাচনাবাজারের বিষয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে আশ্বাস দিলেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি। বাজারের মুল সমস্য বাজারের মধ্যে আগত লোকজনের হাট চলাচলের কোন ব্যবস্থা নেই। এমনিতেই সাচনা বাজারের রোডের পুরো মাঝ অংশ দখল করেই দোকান বসেছে। আবার অনেক ঘর মালিক ও বন্দোবস্ত প্রাপ্ত মালিকরা তারা তাদের দোকান ঘরের সামনের রাস্তা অন্যত্র ভাড়া প্রদান করেছেন। যার ফলে পথচারী ও আগতরা বাজারে একে অন্যের সাথে গা না ঘেষে চলাচল করতে পারছেন না। এ অবস্থার কারণে কোন ধরনের যানবাহনও বাজারে প্রবেশ করতে পারছেন না। বাজারে নেই কোন ড্রেনেজ ব্যবস্থা। যার কারণে একটু বৃষ্টি হলে ময়লা আর কাদা জলের জন্য হাটা সম্ভব নয়। ঐতিহ্যবাহী সাচনা বাজারটিতে নেই কোন লেট্রিন ও পানীয় জলের ব্যবস্থা। আর তাই তো অন্ধকারে পুরো বাজার জুড়ে চলে মলত্যাগ। বিশেষ করে সাচনা মাছ বাজার, বাধবাজার ও লামাবাজার দিয়ে কেউ ভালো কাপড়চোপড় পড়ে চলাচল সম্ভব নয়। যে যার মত করে দখল করে রেখেছে বাজার। জোর যার মুল্লূক তার এই প্রথা চালু আছে সাচনা বাজারে। অবশ্য সাচনা বাজারের মাঝ খানের জায়গা দখল করে রাখা ব্যবসায়ীরা জানিয়েছেন আমাদের পুনর্বাসন করে দিলে আমরা যে কোন সময় বাজারের রাস্তা থেকে চলে যাবার জন্য প্রস্তুত। অতীতে সাচনা বাজারের ভাসমান ব্যবসায়ীদেরকে ভিট দেবার কথা বলে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাচনা বাজারের ভিট বন্দোবস্ত নিয়েছেন। অনেক রাজনীতিবিদ, নেতা,বাজার কমিটির লোকজন আঙ্গুল ফুলে কলাগাছ বনেছেন। আর ভাসমান ব্যবসায়ীরা আগের মতই রয়েছেন।
আর এই বিষয়গুলো নিয়ে খোদ সাচনাবাজার বণিক সমিতির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ নিজেই বাজারের ১১টি মৌলিক সমস্যা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত ভাবে জানিয়েছেন।
তিনি লিখিত আবেদনে উল্লেখ করেছেন, বাজারের দক্ষিণে সরকারী রেকর্ডের উপর দখল করা ঘরকে দখলমুক্ত করা, সাচনা জগন্নাথ দেবের মন্দিরের রাস্তা ভূমি খেকোদের কাছ থেকে রক্ষা, বাজারের উত্তর মাথায় মানুষের চলাচলের গোপাট ও রাস্তা দখল মুক্ত করা, সাচনা সিএন্ডবি রোড ও ব্যাক রোডের রাস্তা দখল মুক্ত করা, সাচনা আল ভান্ডারী হোটেল হইতে পলক রোডের মসজিদ পর্যন্ত অটোরিক্সা, লেগুনা, সিএনজি, পিকআপ স্ট্যান্ড উচ্ছেদ করা। সাচনা বেহেলী রাস্তা থেকে যানবাহন উচ্ছেদ করা। বাধবাজার ও সাচনা নতুন বাজারে পয়:নিস্কাশনের ব্যবস্থা করা, সাচনা মাছ বাজার সংস্কার সহ আশপাশ মুক্ত করা। বিশেষ করে সাচনা লামাবাজার থেকে বেহেলী রোডের রাস্তাটি দখল মুক্ত করে দ্রুত লোক চলাচলের উপযোগী করে তোলা।
সাচনা বাজারে আসা স্থানীয় রাজাপুরের সুশেন দাস বলেন, বাজারের মধ্যে হাঁটার রাস্তা নাই, রাস্তার দুই ধারে দোকান আর আগল। তার পর লেবাররা মালামাল এমনকি টিন সহ ভারী মাল নিয়ে চলাচলের সময় আমরা আতংকে থাকি।
সাচনা বাজারের লেবার সর্দার ছাদির মিয়া বলেন, রাস্তার মধ্যে দোকান লেবাররা মালামাল নিয়ে ঠিক মতো চলাচল করতে পারছে না, প্রতিদিনই ছোট খাটো দুর্ঘটনা ঘটছে।
সাচনা বাজারের রাস্তা দখলকারী ব্যবসায়ীদের পক্ষে একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা যে টাকা রাস্তায় বসে ভাড়া দেই, এই টাকায় বাজারে একটি ঘরও ভাড়া রাখতে পারবো। আমাদের পুর্নবাসনের ব্যবস্থা হলে আমরা অন্যত্র চলে যাবো। সাচনা বাজারের ব্যবসায়ী গনেশ প্রসাদ রায় বলেন,জাহাজ থেকে মালামাল তুলতে ও মাল ডেলিভারী করতে আমাদের কষ্ট হয়। বাজারের ঘাট না থাকায় আমাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এবিষয়ে সাচনা বাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আল আজাদ বলেন, না পারি কইতে, না পারি সইতে, সাচনা বাজার নিয়ে বার বার উপজেলা জেলা প্রশাসন এমপি সহ মন্ত্রীদের মৌখিক ও লিখিত দিয়েছি কিন্তু কে শোনে কার কথা। আমাদের মৌলিক সমস্যা সমাধান না করলে আমাদের বাজারটির চিরচেনা রুপ হারিয়ে যাবে।
সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শামীম বলেন,সাচনা বাজারের উন্নয়ন নিয়ে বিভিন্ন সময়ে উপজেলার উন্নয়ন সমন্বয় সভা সহ জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি,অবশ্য সাচনা বাজারের উন্নয়ন সহ আরো কিছু বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশস্ত হয়েছি।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন,সাচনা বাজারের এই সমস্ত সমস্যা দীর্ঘদিনের। ব্যবসায়ী সহ সকলের সহযোগিতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্যাগুলো সমাধানের জন্য জোর চেষ্টা চালানো হবে।

  • [১]