- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ওএমএস’র চাল ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে বিক্রির দাবি

বিন্দু তালুকদার
‘আজমপুর ও ভাদরপুর থেকে আমবাড়ি বাজার থেকে ৫ কেজি চাউল কিনতে আসা-যাওয়া ভাড়া ৭০ থেকে ৮০ টাকা। এছাড়া এই এলাকা থেকে আমবাড়ি যাওয়ার আগেই চাল শেষ হয়ে যাবে। যিনি যাবেন তার আসা-যাওয়ার ভাড়ার টাকাও চলে যাবে। চাল পাওয়ার কোন ধরনের সম্ভাবনা নেই। তাই আমরা দাবি জানাই ওপেন মার্কেট সেল এর (ওএমএস) চাল প্রতিদিন একই স্থানে বিক্রি না করে অন্তত তিনটি পয়েন্টে দুই দিন করে চাল বিক্রি করলে প্রতিটি এলাকার লোকজন সরকারের এই সুবিধা পেত। ’
ইউনিয়নের তিনটি এলাকায় ওএমএস চাল বিক্রির দাবির যৌক্তিকতা সুনামগঞ্জের খবরের কাছে এভাবেই তুলে ধরছিলেন দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্ডিপুর গ্রামের বাসিন্দা ভূপতি দাস।
তিনি আরো বলেন,‘সরকার এত টাকা ভর্তুকি দিয়ে দরিদ্রদের জন্য এই সুবিধা চালু রেখেছেন তবে তা সুষম বণ্টন হচ্ছে না। যারা চাল কিনেন তারা প্রতিদিনই কিনেন, যারা বঞ্চিত তারা কোন দিন পাবেন এই সুযোগ আসার সম্ভবনাই নেই। আমবাড়ি বাজারে ওএমএস’র চাল কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের অন্তত ১২টি গ্রামের মানুষ। ’
মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজমপুর গ্রামের বাসিন্দা আজাদ মিয়া বলেন,‘ আমাদের এলাকার লোকজনকে আমবাড়ি বাজার থেকে ওএমএস’র চাল আনতে গেলে আসা-যাওয়া বাবদ ৭০-৮০ টাকা ভাড়া লাগবে। ৭৫ টাকার কেজি চাল আনতে আরো তত টাকা ভাড়া লাগবে। এছাড়া চাল পাবে কিনা তার কোন         নিশ্চয়তা নেই। একইস্থানে প্রতিদিন বিক্রি না করে বিভিন্ন পয়েন্টে চাল বিক্রির দাবি জানাই।’
শুধু দোয়ারাবাজার উপজেলাই নয় ওএমএস’র চাল একইভাবে বিক্রি হচ্ছে জেলার বিভিন্ন উপজেলায়। ইউনিয়নের এক স্থানে প্রতিদিন চাল বিক্রি করায় অন্য এলাকার লোকজন চাল কেনা থেকে বঞ্চিত হচ্ছেন।
জানা যায়, দুর্গম হাওর পাড়ের শাল্লা ইউনিয়নের ওএমএস ডিলার পয়েন্ট মনোয়া বাজারে। কিন্তু ওই বাজার থেকে ইউনিয়নের শ্রীহাইল, আদিত্যপুর, কার্তিকপুর গ্রামের দূরত্ব অন্তত ৭-৮ কিলোমিটার। তাই ওই গ্রামগুলোর লোকজনকে দুর্গম হাওর পাড়ি দিয়ে ওএমএস’র চাল আনতে মনোয়া বাজারে যেত হয়। ট্রলার ভাড়া আসা যাওয়া বাবদ ৪০-৫০ টাকা খরচ করতে হয়।
শাল্লা ইউনিয়নের আদিত্যপুর গ্রামের গ্রামের বাসিন্দা তপন দাস। বোরো ফসলহানির পর তিনি ছেলে-মেয়েসহ স্বপরিবারে চলে গেছেন ঢাকায়। তপন দাস গতকাল রবিবার বিকালে দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ ভাই ১৮ কিয়ার জমি করছিলাম সব পানির তলে গেছে। ১৮ ছটাক ধানও তুলতাম পারছিনা। কি কইরা বাচঁমু, তাই উপায় না পাইয়া পরিবারের সবরে লইয়া ঢাকত আইছি। আমার ইউনিয়নের ওএমএসের চাউল বেচে মনোয়াবাজারও। চাউল আনার লাগি বাজারে গেলে আওয়া-যাওয়া ভাড়া লাগে ৪০ টাকা। যারার নিজস্ব নাও আছে তারাই চাউল আনে। সবে এই চাউল আনতে পারে না। এতদূর নিজের নাও ছাড়া যাওয়াও সম্ভব না। এই চাউল যদি বাড়ির ধারও বেচত, তাইলে মানুষের সুবিদা অইত।’
শাল্লা উপজেলা ওএমএস কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র দাস বলেন,‘ সবাই ওএমএস’র চাল কেনার সুযোগ পায় না। কারণ এই চাল একটি নির্দিষ্ট পয়েন্টে বিক্রি করা হয়। যদি বিভিন্ন এলাকায় বিক্রি করার সুযোগ থাকত তাহলে মানুষের উপকার হত। বিভিন্ন পয়েন্টে চাল বিক্রির জন্য আমরা উপজেলায় সভায় আলোচনা করেছিলাম। কিন্তু ডিলারগণ জানালেন তাদের খরচ বেশী হবে তাই এটা সম্ভব হয়নি। ’
দোয়ারাবাজার উপজেলা ওএমএস কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক বলেন,‘সরকারের উচ্চ পর্যায়ে নির্দেশনা মোতাবেক ইউনিয়নের মধ্যবর্তী একটি স্থানে ওএমএস’র কার্যক্রম চালু করা হয়। স্থানীয়ভাবে একাধিক স্থানে বিক্রি করা সম্ভব হলে বা ডিলার পয়েন্ট কাছাকাছি হলে এলাকার লোকজন বেশী সুবিধা পেতেন। তবে উপজেলা খাদ্য গোদাম থেকে ইউনিয়নের একাধিক স্থানে নেয়া ও তদারকিরসহ নানা কারণে একই ইউনিয়নের একাধিক স্থানে চাল বিক্রি করা খুবই কষ্টকর এবং এই ব্যবস্থা চালু করা সম্ভব নয়।’
উল্লেখ্য, সুনামগঞ্জের ৮৮টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ১১০টি পয়েন্টে সপ্তাহের ৬দিন ১১০ মে. টন করে ওএমএস’র চাল বিক্রি করছেন ১১০ জন ডিলার। প্রত্যেকে ১৫ টাকা কেজি দরে প্রতিদিন ৫ কেজি করে চাল কেনার সুযোগ পাচ্ছেন। খাদ্যমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আগামী নির্দেশনা না দেয়া পর্যন্ত সুনামগঞ্জে ওএমএস কার্যক্রম চালু থাকবে।

  • [১]