- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ওএমএস কার্যক্রম নিয়মিত চালু রাখার নির্দেশ

বিন্দু তালুকদার
হাওরের বোরো ফসলহানির পর দরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে ওএমএস (ওপেন মার্কেট সেল) এর চাল বিক্রি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চালু করার নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গত ১৬ আগস্ট খাদ্য মন্ত্রণালয়ের সহকারি সচিব মো. নুরুল ইসলাম শেখ স্বাক্ষরিত নতুন নির্দেশনায় বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম চালু থাকবে।
মন্ত্রণালয়ের নির্দেশনা সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পৌঁছেছে বলে জানা গেছে। প্রতিদিন জেলার ১১০টি ডিলার পয়েন্টে ৫ কেজি করে ২২ হাজার পরিবারের মাঝে চাল বিক্রি করা হবে। এর আগে খাদ্য মন্ত্রণালয় গত ৩০ জুলাই এক নির্দেশনায় গত ১৫ আগস্ট পর্যন্ত ওএমএস কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছিল।
জানা যায়, হাওরের বোরো ফসলহানির পর গত ৬ এপ্রিল সুনামগঞ্জের ৪২ টি ডিলার পয়েন্টে ৪২ ওএমএস ডিলার প্রতিদিন ১ মে. টন চাল ও ১ মে. টন আটা ১৫ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করতেন। পরে ২৭ এপ্রিল আটা বন্ধ করে ২ মে. টন করে চাল বিক্রি শুরু করা হয়। গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাল্লায় ভিজিএফের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ওএমএস ডিলার বৃদ্ধি করে ১১০ জন করেন। এরপর থেকে ১১০ ডিলার বিভিন্ন পয়েন্টে প্রতিদিন ১ মে.টন করে চাল বিক্রি করছেন। প্রতি ১ মে. টন চাল ৫ কেজি করে ২০০ জন হিসাবে (১১০ মে.টন) জেলার ২২ হাজার পরিবার প্রতিদিন ৫ কেজি করে চাল কেনার সুযোগ পাচ্ছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফা বলেন,‘ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের নির্দেশেই সুনামগঞ্জে প্রতিদিন ১১০ টন করে চাল বিক্রির        
নির্দেশনা রয়েছে। গত ১৬ আগস্টে খাদ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশায় বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম চালু রাখা হবে । ’

  • [১]