- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ওসমানীনগরে নির্বাচনী সহিংসতা প্রাণ গেল জগন্নাথপুরের মাদ্রাসা ছাত্রের

জগন্নাথপুর অফিস
ওসমানীনগরে উপজেলায়  নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল জগন্নাথপুরের এক মাদ্রাসা ছাত্রের। জানা গেছে, জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রতিদ্বন্ধী দুই প্রাথীর সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দিলে রবিবার সকালে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাইফুল ইসলাম(১৭)। নিহত যুুবক জগন্নাথপুর উপজেলার উত্তর কালনিরচর গ্রামের শরফ উদ্দিনের পুত্র। জানা গেছে, উত্তর কালনিরচর গ্রামের সাইফুল ইসলাম ওসমানীনগর উপজেলাধীন তাজপুর এতিম মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। ঘটনার দিন সে মাদ্রাসা সংলগ্ন ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বাংলাবাজারে গেলে সেখানে ওসমানীনগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী   
জগলু চৌধুরীর সাথে প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গুলি এসে সাইফুলের ওপরে পড়ে। ঘটনাস্থলে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ঈমানী ওসমানী নগরে নির্বাচনী সহিংসতায় জগন্নাথপুরের মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, মাদ্রাসা ছাত্র সাইফুল কোন সহিংসতায় ছিল না। অথচ নির্বাচনী সহিংসতায় তার প্রাণ গেল, যা দুঃখজনক।
জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন বলেন, ঘটনাটি ওসমানীনগর এলাকায় হওয়ায় ওসমানী নগরের পুলিশের সাথে যোগাযোগ করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত মাদ্রাসা ছাত্রের বাড়ি জগন্নাথপুর উপজেলার কালনিরচর বলে তিনি জানান।

  • [১]