স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সংগীতাঙ্গণের পরিচিত মুখ জামালগঞ্জ শিল্পকলা একাডেমির সহ সভাপতি সপ্তক সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আমৃত্যু অধ্যক্ষ ওস্তাদ গৌরাঙ্গ চন্দ্র বণিক (৭৬) আর নেই।
গত রবিবার রাত সাড়ে ৯ টায় জামালঞ্জের উত্তর কামলাবাজ গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (দিব্যান লোকান স্ব গচ্ছতু)। আজ সোমবার সকালে সাচনা সার্বজনীন শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগসহ নানা রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ভাই, দুই বোন, এক ছেলেসহ অসংখ্য অনুরাগী ও সংগীত শিক্ষার্থী রেখে গেছেন।
ওস্তাদ গৌরাঙ্গ চন্দ্র বণিকের মৃত্যুতে জামালগঞ্জের সংস্কৃতিকর্মীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। তিনি ছিলেন জামালগঞ্জের নতুন প্রজন্মের সংগীতাঙ্গণের অন্যতম দিশারী।
ওস্তাদ গৌরাঙ্গ চন্দ্র বণিক ছিলেন নজরুল সংগীতের শিল্পী। গান গাওয়ার সাথে তিনি হারমোনিয়াম বাজাতেন। সংগীত ছিল তার ধ্যান-জ্ঞান। দিন-রাত সংগীত নিয়ে ভাবতেন ও কাজ করতে পছন্দ করতেন। তিনি ছিলেন সিলেট বেতারের তালিকাভূক্ত নজরুল সংগীত শিল্পী।
সংগীতে আগ্রহী এলাকার ছেলে-মেয়েদের উন্নয়নে দিন-রাত কাজ করে গেছেন গৌরাঙ্গ চন্দ্র বণিক। ১৯৮৪ সালে জামালগঞ্জে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ‘সপ্তক সংগীত বিদ্যালয়’ ও ‘সপ্তক সংগীত পরিষদ’। প্রতিষ্ঠাকাল থেকে তিনি সপ্তক সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। একই সাথে ছিলেন, ছিলেন সপ্তক সংগীত পরিষদের সাধারণ সম্পাদক।
নব্বই দশকে তাঁর একান্ত প্রচেষ্টায় সপ্তক সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন বার ও জামালগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা একবার বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিবেশন করার সুযোগ পেয়েছিল। তিনি ছিলেন একুশে টেলিভিশনের সিলেটের সংগীত নিয়ে আঞ্চলিক অনুষ্ঠান ‘সুরমা পাড়ের গান’ এর অন্যতম একজন আয়োজক।
চ্যানেল আই এর সেরা কণ্ঠশিল্পী রাকিবা ইসলাম ঐশি ওস্তাদ গৌরাঙ্গ চন্দ্র বণিকের ছাত্রী। ঐশিকে তিনি জামালগঞ্জে সংগীতের হাতেখড়িসহ দীর্ঘদিন সংগীত শেখান।
ওস্তাদ গৌরাঙ্গ চন্দ্র বণিকের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, জামালগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্য সাইফুল ইসলাম, জামালগঞ্জ সপ্তক সংগীত পরিষদের সভাপতি ও জামালগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জামিল আমহদ জুয়েল, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, সাচনাবাজার লোকনাথ সেবা সংঘের সভাপতি সজীব বণিক প্রমুখ।