সু.খবর ডেস্ক
মাঠের বাইরে নানা বিতর্ক তাড়া করছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। আট ফুটবলারকে নিজেদের দাবি করে দলটির দায়ের করা মামলা এখন উচ্চ আদালতে বিচারাধীন। তবে মাঠে সেসবের প্রভাব পড়তে দিচ্ছেন না ফুটবলাররা। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ গোলে উড়িয়ে স্বাধীনতা কাপে দলটি তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়। হাইতির স্ট্রাইকার ওয়েডসন হ্যাটট্রিক করেছেন। মৌসুমে এটিই প্রথম হ্যাটট্রিক। বাকি দুই গোল এমেকা ডার্লিংটনের।
শেখ জামালের আক্রমণের তিন অস্ত্র যেদিন জ্বলে উঠবেন, প্রতিপক্ষ রক্ষণের পক্ষে তাঁদের আটকানো অসম্ভবই হয়ে যায়। গত মৌসুমে সেটিই দেখা গেছে। তার আগের মৌসুমে তো ওয়েডসন আর এমেকা ছিলেন লিগের সেরা দুই গোলদাতা। ধারাবাহিকভাবে তাঁরা শেখ জামালকে টানছেন এবং কাল ওয়েডসন আর এমেকাই শেষ করে দিলেন ব্রাদার্সকে।
একই মাঠে দিনের প্রথম ম্যাচে ফেনী সকারকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। দুটি গোল করে পুরোনো ঢাকার দলটিকে জেতালেন আসলে কঙ্গোর স্ট্রাইকার জুনাপিউ। তাঁর একটি গোল দেখে তো সবাই খুব আনন্দ পেলেন। গোলরক্ষককে কাটিয়ে বল নিয়ে যখন ফাঁকা পোস্টের দিকে যাচ্ছেন, গোলরক্ষক অনেক পেছনে। এমন সময় গোল লাইনের সামনে বল নিয়ে পায়ে মারেননি, শুয়ে পড়ে মাথা দিয়ে বল ঠেললেন জালে! ফুটবল মাঠে এমন গোল সাধারণত দেখা যায় না। ঢাকার মাঠে জুনাপিউর সৌজন্যে তা দেখা গেল আজ।