- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কথা রাখলেন বিদায়ী পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের শাল্লা উপজেলার দুর্গম এলাকা হবিবপুর ইউনিয়নের চোরাবস্তি হিসাবে পরিচিত ‘নারকিলা’ গ্রামের সর্বোচ্চ শিক্ষিত দরিদ্র পরিবারের এসএসসি পাশ করা পাবেল মিয়ার কলেজের লেখাপড়ার দায়িত্ব নিয়েছিলেন তৎকালীন পুলিশ সুপার মো. হারুন অর রশিদ।
সুনামগঞ্জ থেকে ঢাকায় বদলী হয়ে চলে গেলেও নিজের দেয়া কথা রাখলেন তিনি। পাবেলের এইচএসসি দ্বিতীয় বর্ষের বই কেনার জন্য বর্তমান কর্মস্থল থেকে পাবেলের নিকট অর্থ পাঠিয়েছেন তিনি।
পাবেলকে নিয়ে প্রতিবেদন তৈরিকারী  দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদারের কাছে দিরাই ডিগ্রি কলেজের এইচএসসি বিজ্ঞান শাখার দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত পাবেল মিয়ার বই কেনার নগদ ৫ হাজার টাকা পাঠিয়েছেন তিনি। ফোনে পাবেল মিয়ার লেখা পড়ার সার্বিক খোঁজ খবর নেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালে শাল্লার শরসপুর শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে নারকিলা গ্রামের দরিদ্র আব্দুর রহমানের ছেলে পাবেল মিয়া। তার লেখাপড়া চালিয়ে নেয়ার বিষয়ে পরিবারের আর্থিক সংকটের বিষয়টি গত বছরের ১১ মে ‘চোরাবস্তি নারকিলা থেকে এসএসসি পাশ করলো পাবেল, তার স্বপ্ন কি থেমে যাবে’ শিরোনামে দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ প্রকাশিত হলে পাবেল মিয়াকে কলেজে ভর্তি করান তৎকালীন পুলিশ সুপার মো. হারুন অর রশিদ। গত বছরের ২৬ জুন পাবেল মিয়াকে নগদ অর্থ সহায়তা করেন তিনি। সে সময় তিনি দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেছিলেন পাবেল মিয়া যাতে নিয়মিত লেখাপড়া চালিয়ে যেতে পারে সে ব্যাপারে সাধ্যমত সহযোগিতা করবেন তিনি। মো. হারুন অর রশিদ গত ৫ এপ্রিল সুনামগঞ্জ থেকে বদলী হয়ে চলে যান। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভাগের ডিসি ট্রান্সপোর্ট হিসাবে কর্মরত আছেন।

  • [১]