স্টাফ রিপোর্টার
বাংলা ভাষার জন্য লড়াই করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রফিক, সালাম, বরকতরা শহিদ হয়েছিলেন। সেই ভাষা শহিদদের স্মরণে গত বছরের মতো এবারও ‘কবিতা মিছিল’ এর মধ্যে দিয়ে ‘অমর একুশে’ পালন করেছে শিশু সংগঠন সত্যশব্দ আবৃত্তি ও অভিনয় চর্চা কেন্দ্র।
সোমবার বিকাল ৪টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় ‘কবিতা মিছিল’। কবিতা ইস্তেকবাল হোসেনের ‘আজ মিছিলে বন্যা হবে’, সুকান্ত ভট্টাচার্যের ‘আমরা এসেছি’, সলিল চৌধুরীর ‘শপথ’ সহ আরও বেশ কিছু কবিতা দৃপ্ত কন্ঠে স্লোগানের সুরে পাঠ করতে করতে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের তত্ত্বাবধানে মিছিলে অংশ নেন সত্যশব্দ ও প্রসেনিয়ামের প্রায় ১০০ জন শিল্পী ও অভিভাবক। এসময় তাদের হাতে ছিল কবিতার নানান লাইন লেখা ফেস্টুন। মিছিল থেকে তারা দ্রব্যমূল্যের লাগাম টানা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতার দাবি জানান।
সত্যশব্দের পরিচালক দেবাশীষ তালুকদার শুভ্র বলেন, যে কোনো জনগোষ্ঠীর যে কোনো সংকটে কবিতাই প্রতিবাদের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আর আন্দোলনের স্রোত মিছিলেই ছুটে চলে সবার আগে। তাই আমরা কবিতা আর মিছিলকে এক করে দিয়েছি গতবছর থেকে আন্দোলন সংগ্রামের ভিত্তির দিন ২১ শে ফেব্রুয়ারিতে।
আয়োজকদের প্রত্যাশা কবিতা মিছিল প্রতি বছর তারা আয়োজন করবেন যাতে কবিতা মিছিল দেশব্যাপি চর্চিত হয়।