বহু ঘাটের পানি খাওয়ার পর হুশ হলো গীতিকার কবুর বকুলের। নিজের মাথায় যখন ছেদ পড়ার উপক্রম হলো তখনই বোধোদয় হলো তাঁর। ছুটে এসেছেন রাজধানী ছেড়ে মফস্বল শহর সুনামগঞ্জে। গেছেন এক গ্রামীণ কবির সাথে সাক্ষাত করতে তার আইনজীবীর বাসায়। স্বীকার করেছেন, ‘প্রেমের মানুষ ঘুমাইলে ছাইয়া থাকে…’ গানটির গীতিকার তিনি নন, ওই গ্রামীণ কবি জবান আলীই। ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ নামের একটি ঢাকাই চলচ্চিত্রে সুনামগঞ্জের লোকশিল্পী জবান আলীর ওই গানটি ব্যবহৃত হয় । পরে ওই ছবির গান নিয়ে প্রকাশিত সিডিতে এই গানটির গীতিকার হিসেবে জবান আলীর নাম ছিল না। বিষয়টি জানতে পেরে জবান আলীর মনে দুঃখ হয়। অপমানিত বোধ করেন। তিনি হতাশ হন, ক্ষুব্ধও হয়েছেন। কিন্তু কী করবেন তিনি? তিনি তো কবির বকুল বা পরিচালক পিএ কাজলের মতো বিখ্যাত ব্যক্তি নন। কে শুনবে তার কথা এই মনে করে মনের দুঃখ মনেই চেপে রাখেন। এ পর্যায়ে দৈনিক সুনামগঞ্জের খবরে জবান আলীর এই গান নিয়ে প্রতারণার বিষয়টির উপর প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রকাশ করা হয় একাধিক সম্পাদকীয় মন্তব্য। সম্প্রতি প্রয়াত আইনজীবী জহির আহমদ সোনা মিয়া এগিয়ে আসেন জবান আলীর সহায়তায়। জহির আহমদ সোনা মিয়া জীবনের শুরুতে এবং পরে অনেকটা সময় প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন একজন গীতিকার ও সংবেদনশীল মনের মানুষ। শিল্পীর দুঃখে তারও মন কেঁদে উঠে। আরেক সহৃদয় সহকর্মীর মাধ্যমে উকিল নোটিশ পাঠালেন কবির বকুল ও পিএ কাজলের নামে। গা করলেন না স্বনামধন্যরা। মামলা হলো। গা করলেন না। অবশেষে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। এবার হুশ হলো একজনের। তিনি সুনামগঞ্জ এসে জবান আলীর কাছে দুঃখ প্রকাশ করে এ বিষয়ে নিজের কোন দায় ছিলো না বলে উল্লেখ করলেন। পিএ কাজলের কোন প্রতিক্রিয়া অবশ্য এ যাবৎ জানা যায় নি। আমাদের মনে প্রশ্ন জাগে কবির বকুল যখন এখন বলতে পারলেন তার অজান্তেই গানের গীতিকার হিসাবে নিজের নাম গিয়েছে তখন কেন তিনি এতোদিন তা প্রকাশ করেন নি? সংগত কারণেই আমরা ধারণা করতে পারি ঠেলায় পড়েই এবার তিনি সত্য স্বীকার করলেন। একজন দেশখ্যাত গীতিকারের এমন ছেলেভুলানো গল্প সুনামগঞ্জের শিল্পীরা মানতে বোধ করি রাজি হবেন না।
কবির বকুলকে তার পরেও আমরা ধন্যবাদ জানাই বিলম্বে হলেও বোধোদয় হওয়ার জন্য। কিন্তু সুনামগঞ্জে জবান আলীর কাছ পর্যন্ত তার এই ছুটে আসা যাতে চলমান মামলাটিকে কোনভাবে প্রভাবিত না করতে পারে সেটি এখন চিন্তার বিষয় বটে। জবান আলী ও মামলা সংশ্লিষ্টদের প্রতি আমাদের অনুরোধ মামলাটিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় যাতে নিষ্পত্তির দিকে যেতে দেয়া হয় সেটি নিশ্চিত করার। কারণ জবান আলীর বৈধ একটি দাবিকে স্বীকারের এই পর্যায়ে নিয়ে আসতে বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান ভূমিকা রেখেছেন। তাদের সকলের প্রচেষ্টা বিফলে যাবে মামলাটি যদি মোড় ঘুরিয়ে ফেলে। যা কিছুই হোক প্রচলিত আইনি কাঠামোর মধ্যে থেকেই হোক এই আমাদের কামনা। ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে (অনলাইন নিউজপোর্টাল) কবির বকুলের কিছু বক্তব্য প্রচারিত হয়েছে যা রীতিমতো আপত্তিজনক এবং জবান আলী তথা সুনামগঞ্জের শিল্পী সমাজের জন্য পীড়াদায়ক বটে। সুনামগঞ্জ লোক সংস্কৃতির অন্যতম পীঠস্থান। এই পবিত্র স্থানে জবান আলী বা আরও অনেকে আত্মমর্যাদা নিয়েই শিল্প সাধনা করে গেছেন, যাচ্ছেন।