স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার হাছনবাহার গ্রামের ৪০টি বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। কবি নাসরিন আবেদীনের উদ্যোগে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়।
প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, আধা কেজি চিনি ও আধা কেজি করে লবণ দেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে প্রথম আলো
বন্ধুসভার সদস্যরা বন্যার্তদের হাতে এই ত্রাণ সহায়তা তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের আহবায়ক মুক্তিযোদ্ধা আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরু, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ, সহসভাপতি প্রদীপ কুমার পাল, সদস্য আসাদুজ্জামান প্রিয়ন, সোহাগ সরকার, মোতাহের হোসেন সানি, মো. নুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।