- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কবি মমিনুল মউজদীনের স্মরণসভা ও বৃত্তিপ্রদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, মরমি কবি হাসনরাজার প্রপৌত্র প্রয়াত কবি মমিনুল মউজদীনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় মমিনুল মউজদীন স্মৃতি সংসদের আয়োজনে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, লেখক ও আইনজীবী হোসেন তওফিক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর দিলীপ কুমার মজুমদার, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, নারী নেত্রী শীলা রায়, প্রবীণ শিক্ষক ধুর্জটি কুমার   
বসু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ পৌর কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু নাসের, সংগঠনের পরীক্ষা নিয়ন্ত্রক আলী হায়দর, পৌর কাউন্সিলর আহমদ নুর, প্রথমআলো জেলা প্রতিনিধি খলিল রহমান, প্রকাশনা সংস্থা চৈতন্যের নির্বাহী প্রধান রাজীব চৌধুরী। স্মরণসভা সঞ্চালনা করেন এনটিভি’র জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘আজ একজন মমিনুল মউজদীনের প্রয়োজন ছিল। একাধিক গুণের অধিকারী ছিলেন তিনি। একাধারে জনপ্রতিনিধি, কবি, সমাজসেবক, রাজনীতিবিদ ছিলেন।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রধান কাজ লেখাপড়া, পরে খেলাধূলা, সাংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা। আজ যাঁরা পুরস্কৃত হয়েছেন তাঁদেরকে অনেক অনেক অভিনন্দন। তোমার অনেক বড় হবে, যদি তোমরা এভাবেই লেখাপড়ায় ভাল ফলাফল করতে পারো।’
এবার ৫ম শ্রেণীর ৬৪ জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। এরমধ্যে সৃজন বিদ্যাপীঠের তাসনিয়া আফরিন ও তায়্যিবা তারেককে স্বর্ণপদক প্রদান করা হয়।
স্মরণ সভায় মমিনুল মউজদীনের ‘নির্বাচিত কবিতা’র বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। স্মরণসভার আগে মমিনুল মউজদীনের কবরে স্মৃতি সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে মঙ্গলবার বিকালে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে কবি মমিনুল মউজদীনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার প্রবীণ মুরব্বী কাশেম আলী মোড়লের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, অ্যাড. খলিল রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল ইসলাম রাসেল প্রমুখ।

  • [১]