সোমবার জগন্নাথপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চাওয়া হয় বিদ্যুৎ বিভাগের জনৈক প্রকৌশলীর নিকট। তিনি যখন উত্তর দেয়ার জন্য মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়ালেন ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। কাকতালীয় এই ঘটনাটি ওই কর্মকর্তাকে সভায় উপস্থিত সকলের সামনে যথেষ্ট বিব্রত করেছে, তিনি সকলের নিকট এসময় হাস্যস্পদও হয়েছেন। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত ‘জগন্নাথপুরে বিব্রত বিদ্যুৎ কর্মকর্তা’ শীর্ষক সংবাদে এরকম তথ্যই পরিবেশন করা হয়েছে। সংবাদে বর্ণিত ঘটনার বিবরণ শুনে আমাদের মনের ভিতরেও যথেষ্ট হাস্যরস তৈরি করেছে। একই সাথে আরেকটি প্রশ্নেরও জন্ম দিয়েছে, সেটি হলো আসলেই কি ওই বিদ্যুৎ প্রকৌশলী তখন বিব্রত হয়েছিলেন? সাম্প্রতিককালে জেলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিড়ম্বনার নিত্যকার চালচিত্র দেখে আমাদের মনে হয়েছে পিডিবি নামক প্রতিষ্ঠানটি এখন যাবতীয় অনুভূতিপ্রবণতা হারিয়ে একধরনের জড় পদার্থে পরিণত হয়েছে। এরকম অবস্থায় কারও কোন অনুভূতি থাকে না, ফলে বিব্রত হওয়ারও প্রশ্ন উঠে না। কথাগুলো আমাদের চরম বিক্ষুব্ধ অন্তরের প্রতিধ্বনি। এরকম বিক্ষুব্ধ জেলার সকল বিদ্যুৎগ্রাহক। বিশেষ করে পিডিবির আওতাধীন গ্রাহকদের এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা । গত কয়েকদিন যাবৎ রুটিন করে জেলা সদরে রাতের বেলা দুই আড়াই ঘণ্টা বিদ্যুৎ থাকে না। কেন থাকে না তার কোন কারণ জানা নেই কারও। এখন কারও কারণ জানার আগ্রহও নেই। মানুষ বরং সবসময় প্রস্তুত থাকেন বিদ্যুৎ না থাকলে চলার মতো অবস্থায়। এদিকে প্রতিদিন নতুন নতুন বিদ্যুৎ এলাকা বাড়ানোর মাধ্যমে সরকার ও নেতৃবৃন্দ তৃপ্তির ঢেকুর তুলছেন। নতুন সঞ্চালন লাইন বাড়ানোর ব্যাপারে যত উৎসাহ দেখা যায় ততোটাই নিরুৎসাহ লক্ষ্য করা যায় পুরাতন সঞ্চালন লাইনকে নিরুদ্বিগ্ন রাখতে।
সুনামগঞ্জে পিডিবির বিদ্যুৎ সঞ্চালনার বিড়ম্বনার বিষয়ে নানা বিষয়কে একএক সময়ে সামনে আনা হয়। সবচাইতে বড় প্রতিবন্ধকতা হিসাবে সাব-স্টেশন ও জরাজীর্ণ সঞ্চালন লাইনের বিষয়টি সামনে আনা হয়। সুনামগঞ্জে নতুন একটি সাবস্টেশন নির্মাণের কাজ চলছে। সকল কর্মকা-েই একটি দীর্ঘমেয়াদী ও একটি স্বল্পমেয়াদী লক্ষ্যমাত্রা থাকে। বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে সাবস্টেশনের মাধ্যমে উন্নয়নের বিষয়টি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ওটি না হওয়া পর্যন্ত কি কোন আপৎকালীন পরিকল্পনা থাকবে না? সেটি বিদ্যুৎ বিভাগের রয়েছে বলে আমরা জানি না। দায়িত্বশীল ও দায়বদ্ধ প্রতিষ্ঠানের এমন কর্মপরিকল্পনা থাকা উচিৎ। পিডিবির নেই। কারণ পিডিবি তার গ্রাহকদের হিসাবের মধ্যেই গণ্য করে না। মানুষের মনোভাব ক্রমাগত পিডিবিবিরোধী অবস্থানে মোড় নিচ্ছে। এর ভয়াবহ পরিণতি পিডিবি কি বুঝতে পারছে? ইতোমধ্যে পিডিবির সঞ্চালন এলাকা সংকুচিত করে নতুন নতুন বেসরকারি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা সক্রিয় রয়েছে। আগে তো অনেক এলাকা তাদের হাত ছাড়া হয়ে আছেই। পিডিবিকে সংকোচনের এই জাতীয় নীতি আখেরে জনস্বার্থের পরিপন্থী, কিন্তু অবাক বিষয় হলো এখন জনগণ এই সংকোচন নীতিকে সমর্থনই জানাবে।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে লিখতে লিখতে আমাদের হাত অসাড় হয়ে পড়েছে। একই কথার পুনরাবৃত্তি হচ্ছে। পাঠক হয়তো একই ধরনের কথা শুনে বিরক্ত হবেন। কিন্তু এই পাঠকই যখন গ্রাহক হিসাবে বারবার বিদ্যুৎ ভোগান্তির বিরক্তির ঘুর্ণাবর্তে পাঁক খেতে থাকছেন তখন তিনিই খুশি হচ্ছেন। আসল কথা হলো এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো। কবে শেষ হবে এই অসহনীয় বিদ্যুৎ যন্ত্রণার?