- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

করোনার থাবায় অকালে প্রাণ হারালেন ভাষা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. কনিজ রেহনুমা রাব্বানী ভাষা আর নেই (ইন্নালিল্লাহি- রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।
বুধবার ভোর সাড়ে ৪ টায় করোনা আক্রান্ত হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বুধবার দুপুর ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নিজ গ্রাম উজানীগাঁও ঈদগাহের মাঠে তার জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, আইনজীবী প্রমুখ।
মরহুমা অ্যাড. কনিজ রেহনুমা রব্বানী ভাষা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী এবং সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বারের পাবলিক প্রসিকিউটর শামসুন্নাহার শাহানা রব্বানীর কন্যা। কানিজ রেহনুমার স্বামী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী। এছাড়াও বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণের বড় বোন ছিলেন তিনি।
মরহুমা রেহনুমা কনিজ ভাষা’র অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি। তিনি ভাষার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বলেন, বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান ভাষা একজন দক্ষ সংগঠক ছিল, দেশ ও মানুষের প্রতি ভালবাসা ছিল তার।
এছাড়া পৃথক বিবৃতিতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ শোক প্রকাশ করেছে। জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বিবৃতিতে মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক ফেসবুক স্ট্যাটাসে জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান লিখেন, ভাষার জন্মের পরপরই আমার ভাগ্না প্রয়াত রব্বানী ও ভাগ্নী শাহানা আকিকা আয়োজন করেছিল। প্রয়াত জননেতা আব্দুস সামাদ আজাদ ও আমার বন্ধু প্রয়াত জননেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও উপস্থিত ছিলেন সেদিন । সেদিন রব্বানী আর শাহানার যে কি আনন্দ ! বলে প্রকাশ করার মতো না। করোনার ভয়াল থাবায় কেড়ে নিল আমার প্রিয় নাতনি ভাষার জীবন। পরম করুণাময় মহান রাব্বুল আল আমিন এর নিকট দোয়া করি আল্লাহ পাক যেন ভাষাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
এদিকে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট এক বিবৃতিতে ভাষা’র অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জনিয়েছেন। বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
এছাড়াও শোক প্রকাশ করেছেন দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, লেখক-সাংবাদিক অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামান, সহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ।
এদিকে অ্যাড. কানিজ রেহনুমা ভাষার অকাল মৃত্যুতে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম পারভেজ, সিনিয়র সদস্য নেছার আহমদ, সদস্য ধীরেন্দ্র দেবনাথ, মো. নূরুল ইসলাম ও মিজানুর রহমান।

  • [১]