- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

করোনায় দেশে ১০১ জনের মৃত্যু

সু.খবর ডেস্ক
‘সর্বাত্মক লকডাউন’র চতুর্থ দিনে দেশে করোনায় আজও সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত শুক্রবার একদিনে সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৪৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে।
করোনাভাইরাস নিয়ে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ০৮ হাজার ৮১৫ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৫৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২১টি, জিন এক্সপার্ট ৩৪টি, র‌্যাপিড অ্যান্টিজেন ১০২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৪১৩টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ১৮৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫১ লাখ ৫০ হাজার ৬৬৩টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২১ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে তিন জন, রাজশাহী ও সিলেট বিভাগে দুই জন করে চার জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে তিন জন ও বরিশাল বিভাগে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ৯৯ জন, বাড়িতে দুই জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৫৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আট জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন রয়েছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৮০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৭০ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ১৫ হাজার ৮৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯৭ হাজার ২৭৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৮১১ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৭ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১২ হাজার ৫১৪ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩০ হাজার ৫২ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ১২ হাজার ৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫ লাখ ১১ হাজার ৪২৫ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ কোটি ৯৩ লাখ ৩০ হাজার ৭০৯ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৩ লাখ ৫ হাজার ৯১২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৯৪২ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪৫ লাখ ২১ হাজার ৬৮৩ জন এবং মারা গেছেন এক লাখ ৭৫ হাজার ৬৭৩ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৯ হাজার ২৪ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ লাখ ২৪ হাজার ৩২১ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৪০৪ জন।
আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৮৪ হাজার ১৪৮ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪ হাজার ৭৯৫ জন।
এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

  • [১]