- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

করোনা পরিস্থিতি মোকাবেলায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের নানা কার্যক্রম

করোনা পরিস্থিতি মোকাবেলায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন হিট অ্যান্ড রান পদ্ধতিতে মধ্যবিত্ত মানুষকে গোপনে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান আছে। এক মাসে কমপক্ষে ৫০০ মানুষকে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া প্রতিটি ইউনিয়নে ১,৫০০ করে এবং পৌরসভাসহ সমগ্র উপজেলায় ১৫,০০০ বেশি খাবারের প্যাকেট বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলার প্রবাসী এবং এলাকার দানশীল ব্যক্তিরা কমপক্ষে ৬০,০০০ খাবারের প্যাকেট বিভিন্ন এলাকায় বিতরণ করেছেন। উপজেলা নিবার্হী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম’র সুনির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই সকল খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় – প্রায় ১০০ সদস্যের কুইক রেসপন্স টিম সহ মোট ১০০০ তরুণ যুবককে নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে। এর তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার। সরকারি আদেশসমূহ সকল মসজিদের মাইকে প্রচার, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ এবং বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে প্রশাসনকে সংবাদ প্রদান সংক্রান্ত কাজ স্বেচ্ছাসেবকরা গ্রহণ করেছেন।
এছাড়াও মাননীয় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান’র প্রেরিত প্রায় ১০,০০০ সাবান ও সমপরিমাণ মাস্ক হাওরে কর্মরত কৃষি শ্রমিক ও অন্যান্য দরিদ্র শ্রেণীর নাগরিকের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার নিজে বিভিন্ন রাজনৈতিক কর্মীদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করেছেন। মাননীয় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এবং উপজেলা পরিষদের অর্থায়নে ঝুঁকিপূর্ণ সেবা কাজে নিয়োজিত ডাক্তার এবং পুলিশ অফিসারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ মেডিকেল মাস্ক, সেনিটাইজার, হ্যান্ডগ্লাভসসহ অন্যান্য সুরক্ষা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
এদিকে উপজেলা নিবার্হী অফিসারের ফেসবুক পেইজে আহবানে সাড়া দিয়ে প্রায় ৩,০০০ বিভিন্ন পেশার মানুষ স্বেচ্ছায় কৃষকের ধান কেটে দিয়েছেন। এদের মধ্যে প্রায় ২,০০০ কৃষককে ৫ কেজি করে খাদ্যশস্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]