স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বিভিন্ন মসজিদের ইমামদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধ করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেন। এসময় তিনি সকল মসজিদে জুম্মার নামাজের খুতবার পূর্বে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করেন।
সেই সাথে জেলার সকল মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক বার্তা প্রেরণ নিশ্চিত করার জন্য সকল উপজেলা নির্বাহী অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালককে অনুরোধ করেন এবং জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের দৃষ্টি আকর্ষণ করেন।