- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কলেজের খেলার মাঠে মাছ চাষ একেবারেই অনভিপ্রেত

মুক্ত গণমাধ্যম হিসাবে ফেসবুক ইতোমধ্যে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। কোন সেন্সর ছাড়াই মানুষ এখানে নিজের মত প্রকাশ করতে পারেন। যেসব বিষয় মূল ধারার গণমাধ্যমে সাধারণত উঠে আসে না কিংবা নানা সম্পর্কসূত্রের কারণে ধামাচাপা পড়ে যায় সেইসব বিষয়ও ফেসবুকের মাধ্যমে অনেকেই জনসন্মুখে নিয়ে আসতে পারছেন। তথ্যের এই মুক্ত চর্চা করতে যেয়ে অনেককে বিপাকেও পড়তে হয়। যেমন পড়েছেন সুনামগঞ্জ সরকারি কলেজের এক প্রাক্তন ছাত্র রিপন জামান।  সরকারি কলেজের খেলার মাঠের পানি আটকে মাছ চাষ করার বিষয়টি নিয়ে ফেসবুকে নিজস্ব মতামত তুলে ধরায় কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে খেপেছেন বলে অভিযোগ এনেছেন তিনি। রিপন একধরনের ক্ষোভ ও হতাশা থেকে নিজের অভিব্যক্তি প্রকাশ করার অধিকার সংরক্ষণ করেন। তথ্য ভুল না হলে তিনি এ নিয়ে নিজের চিন্তা অন্যের সাথে শেয়ার করতে পারেন। তার চিন্তা হয়তো কর্তৃপক্ষের পছন্দসই নাও হতে পারে কিন্তু এ জন্য রিপনের বিরুদ্ধে কুপিত হওয়ার কোন কারণ নেই। বরং নিজস্ব কাজের পক্ষে প্রয়োজনীয় যুক্তি উপস্থাপন করে রিপনের যুক্তিকে খ-ন করাটাই কর্তৃপক্ষের উচিৎ কর্তব্য হওয়ার কথা ছিল। আর রিপনের তথ্য যদি ভুল হয় তাহলে কলেজ কর্তৃপক্ষ প্রচলিত ব্যবস্থার আওতায় প্রতিকার কামনা করতেই পারেন।
ফেসবুকে প্রচার হোক বা না হোক কলেজ কর্তৃপক্ষ গণমাধ্যমের কাছে অন্তত খেলার মাঠে লাল নিশান টানানোর কথা স্বীকার করেছেন। গরু-ছাগল আটকানোর জন্য এমন অদ্ভুত কাজ আমাদের কাছে বেমানান মনে হয়। বরং গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে এসংক্রান্ত প্রতিবেদনের সাথে প্রকাশিত ছবিতে যে সাইনবোর্ডটি দৃশ্যমান সেটিতে লেখা রয়েছে, ‘এই পুকুরে মাছ চাষ করা হয়েছে মাছ ধরা সম্পূর্ণ ভাবে নিষেধ, আদেশক্রমে- সুনামগঞ্জ সরকারি কলেজ’। এই স্ইানবোর্ডটি রিপনের বক্তব্য প্রত্যক্ষভাবে সমর্থন করেন। সাইনবোর্ডের বিষয়ে জিজ্ঞাসিত হয়ে কলেজ কর্তৃপক্ষ গণমাধ্যমকে বলেছেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। কলেজের মালিকানাধীন এবং দখলে থাকা বিশাল ভূমিতে পোঁতা একটি সাইনবোর্ড সম্পর্কে কিছু না জানা কর্তৃপক্ষের দক্ষতার পরিচয় বহন করে না। সার্বিক অবস্থাদৃষ্টে আমরা ধারণা করতে পারি কলেজ মাঠে নিশ্চয়ই মাছ চাষের আয়োজন করা হয়েছে এবং এটি কলেজ কর্তৃপক্ষের জ্ঞাতসারেই। এরকম ধারণা হওয়ার পর আমরা জোরালোভাবে কলেজ কর্তৃপক্ষের নিকট যে প্রশ্নটি করতে চাই তা হলো, খেলার মাঠকে কেন মাছ চাষের জলাশয়ে পরিণত করা হলো? কলেজের কি খেলার মাঠের কোন প্রয়োজন নেই?
যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের অপরিহার্য অঙ্গ হলো খেলার মাঠ। শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক বিকাশের জন্য খেলার মাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাছাড়া শহরে এমনিতেই খেলাধুলার জায়গা ক্রমশ সংকুচিত হয়ে আসছে। এরকম অবস্থায় একটি খেলার মাঠকে মাছ চাষের জন্য ব্যবহার করা একেবারেই অসঙ্গত। আমরা বিষয়টি বিবেচনার জন্য কলেজ কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি। সরকারি কলেজের এই খেলার মাঠটি বরাবরই চরম অবহেলার মধ্যে থাকতে দেখে আসছি আমরা। এটি সংস্কারের অভাবে ক্রমশ খেলার মাঠ হিসাবে উপযোগিতা হারাচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে এটি খেলাধুলার জন্য অনুপযুক্ত হয়ে পড়ে। খেলার মাঠটি সংস্কারের জন্য কলেজ কর্তৃপক্ষের উদ্যোগী ভূমিকা যেখানে প্রত্যাশিত ছিল সেখানে এটিকে মাছ চাষে ব্যবহারের বিষয়টি একেবারেই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বজনিন চরিত্রের বিপরীত। এরকম বিপরীত চরিত্র দেখলে রিপন জামান নামের কোন প্রাক্তন ছাত্র পীড়িত ও মর্মাহত হতেই পারেন। একজন রিপন হয়তো তার হতাশার বিষয়টি সামনে এনেছেন কিন্তু অসংখ্য রিপন হয়তো এই হতাশাবোধ নিজের মনের ভিতর চাপা দিয়ে রেখেছেন। এটি বুঝতে হবে কলেজ কর্তৃপক্ষকে।

  • [১]