- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কলেজের ৪ শহীদ শিক্ষার্থী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ৭৫ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ কলেজের প্রাক্তন ছাত্রনেতা আবু তালেব, গিয়াস উদ্দিন, জগৎজ্যোতি দাশ এবং আলী আসগর’এর স্বজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
শুক্রবার পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভার শুরুতে এই সম্মাননা প্রদান করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের পক্ষে তাঁদের স্বজনরা এই সম্মাননা গ্রহণ করেন।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাশের পক্ষে তাঁর বোন ফুলু রানী দাস সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা প্রদান করেন উৎসব উদযাপন কমিটির আহবায়ক অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী।
শহীদ তালেব উদ্দিনের পক্ষে তাঁর ভাই অ্যাডভোকেট শামসুল ইসলাম সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা প্রদান করেন সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্।
শহীদ আলী আসগরের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর ভাইয়ের ছেলে মকবুল হোসেন। সম্মাননা প্রদান করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান।
শহীদ গিয়াস উদ্দিনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর ভাই একেএম ফজলুল হক। সম্মাননা প্রদান করেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল হুদা মুকুট।
অনুষ্ঠানের সঞ্চালক সুখেন্দু সেন এসময় চার শহীদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এবং মহান স্বাধীনতা যুদ্ধে তাদের অবদানের কথা তুলে ধরেন।

  • [১]