- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কলেজ ছাত্রীকে ঘৃণ্যভাবে উত্যক্তকরণ/ র‌্যাবের হাতে বখাটে আটক

স্টাফ রিপোর্টার
মহল্লার সিসি টিভির ক্যামেরা দেখে ছাত্রী উত্যেক্তের ঘটনায় এক বখাটেকে আটক করেছে র‌্যাব ৯ এর সুনামগঞ্জের একটি দল। আটক বখাটের নাম মানিক মিয়া (২৩)। সে জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণকূল গ্রামের গোলেনুর মিয়ার ছেলে। শহরের মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকে সে। শুক্রবার রাত সাড়ে দশটায় র‌্যাব ৯ এর কাছে সিসিটিভির ফুটেজ পৌঁছালে, রাতেই ওই বখাটেকে আটক করে র‌্যাব। শনিবার বিকাল সাড়ে তিনটায় পুলিশ ওই বখাটেকে আদালতে সোপর্দ করলে, আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
সুনামগঞ্জ শহরে বসবাস করে কলেজে পড়াশুনা এবং একইসঙ্গে টিউশনি করা এক কলেজ ছাত্রীকে বেশ কিছুদিন ধরেই উত্যক্ত করে আসছিল বখাটে মানিক। শুক্রবার সকাল সোয়া ৭ টায় টিউশনি করতে যাবার সময় শহরের শহীদ আবুল হোসেন রোড এলাকায় ওই বখাটে পেছন দিক থেকে এসে প্রথমে মেয়েটির স্পর্শকাতর অংশে হাত দেয়। পরে ঘৃণ্যভাবে শারীরিক অঙ্গভঙ্গি দেখায়। এক পর্যায়ে মেয়েটিকে তাড়া করে ওই বখাটে। মেয়েটি দৌঁড়ে পাশের একটি ভবনে আশ্রয় নিয়ে লোকজনকে ডাকাডাকি করলে বখাটে দৌঁড়ে পালায়। সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে রাতেই ওই বখাটেকে আটক করে র‌্যাব।
র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক সিঞ্চন আহমেদ জানান, সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে সকাল সাতটায় ঘৃণ্যভাবে পথেই মেয়েটিকে উত্যক্ত করার অপচেষ্টা করছে ওই বখাটে। নিরূপায় হয়ে মেয়েটি একটি বাড়িতে আশ্রয় নিয়ে এলাকার লোকজনের সাহায্য চায়। এ ঘটনার ভিডিও ফুটেজ র‌্যাবের কাছে পৌঁছালে, ওই বখাটেকে গ্রেপ্তার করে গভীর রাতে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শুক্রবার গভীর রাতেই নির্যাতিতা ছাত্রী বখাটে মানিক মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। শনিবার বিকাল তিনটায় বখাটে মানিককে আদালতে সোপর্দ করা হয়।
কোর্ট ইন্সপেক্টর বোরহান উদ্দিন জানান, শনিবার বিকাল সাড়ে তিনটায় মানিককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিনের আদালতে হাজির করলে, আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

  • [১]