- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কষ্ট করে হলেও শিশুদের সাঁতার শিখান

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ নামের একটি কর্মসূচীর আওতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সুনামগঞ্জে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা হয়ে গেল বৃহস্পতিবার। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পুকুরে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার ২১ সাঁতারুকে ঢাকায় ২য় পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় সারা দেশের ১০০০ প্রতিযোগী অংশ নিবেন। এর মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ১৬০ জনকে বিদেশি কোচের তত্ত্বাবধানে নিবিড় প্রশিক্ষণ দেয়া হবে। এই উদ্যোগের ফলে জলের দেশ বাংলাদেশের সাঁতারুরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভাল একটি জায়গা করে নিতে সক্ষম হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা এরকম একটি ভাল উদ্যোগ গ্রহণের জন্য সুইমিং ফেডারেশনকে বিশেষভাবে অভিনন্দন জানাই। এই বিষয়টিকে সামনে রেখে আমরা অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো এখনকার শিশু-কিশোর, তরুণ-তরুণীদের সিংহভাগই সাঁতার জানে না। বিশেষ করে শহরাঞ্চলে সাঁতার না জানা লোকের সংখ্যা বেশি। বাসাবাড়িতে এখন আর পুকুর নেই। এলাকায়ও প্রাতিষ্ঠানিক যেসব পুকুরাদি ছিল সেগুলোও ভরাট করে ফেলা হয়েছে। এরকম অবস্থায় অভিভাবকরা শিশুদের সাঁতার শিখানোর কোন ব্যবস্থা নিতে পারেন না। ফলত সাঁতার না শিখেই এরা বড় হচ্ছে। ইদানিং বিশেষভাবে লক্ষণীয় যে, জলে ডুবে কিশোর তরুণদের মৃত্যুর ঘটনা আশংকাজনক হারে বেড়ে গেছে। সিলেটের বিছনাকান্দি বা কক্সবাজারে বেশ কয়েকজন মেধাবী শিক্ষার্থীর করুণ মৃত্যু ঘটেছে। এইসব তরুণরা সাঁতার জানলে তাদের এমন নির্মম পরিণতি হত না। বাংলাদেশের ভৌগোলিক গঠনপ্রণালীর কারণে জলকে এড়িয়ে চলা কারও পক্ষে কিছুতেই সম্ভব নয়। হাওর, নদী বেষ্টিত বাংলাদেশ। সুনামগঞ্জে তো জলপথকে এড়িয়ে কারও দ্বারাই চলাফেরা করা সম্ভব হবে না। সাঁতার না জানা মানুষগুলো এই জলপথে চলাচল করেন বিপদজনক ঝুঁকি মাথায় নিয়ে। সুতরাং আমাদের দেশের সকলকে সাঁতার শিখানো একটি কর্তব্যবোধের আওতায় পড়ে বলে আমরা মনে করি।
প্রশ্ন হলো অভিভাবকরা সাঁতার শিখাবেন কোথায়? গ্রামে এটি সমস্যা নয়। শহরে জলাশয়ের অভাব রয়েছে সত্য কিন্তু সাঁতার না শিখানোর জন্য এটিই একমাত্র কারণ বলে স্বীকার করতে আমরা নারাজ। এখানে অভিভাবকদের আগ্রহের ঘাটতির বিষয়টিকেই আমরা মূল কারণ হিসাবে চিহ্নিত করব। নিজের বাসায় পুকুর না থাকলেও যেখানে জলাশয় আছে সেখানে নিয়ে গিয়েই বাচ্চাদের সাঁতার শিখাতে হবে। সাঁতার শিখাতে খুব বেশি দিন লাগে না। মোটামোটি ১৫ দিনেই সাঁতার শিখানো সম্ভব। আর সাঁতার একবার শিখলে সারা জীবনের জন্য এই অভ্যাসটি রপ্ত থাকবে, তার জলপথে জীবনের ঝুঁকি হ্রাস পাবে। ঢাকাসহ বড় বড় শহরে কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে যারা টাকার বিনিময়ে বাচ্চাদের সাঁতার শিখিয়ে থাকে। সুনামগঞ্জে এরকম প্রতিষ্ঠান নেই। কিন্তু কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে এখনও শহরে যেসব পুকুর রয়েছে সেগুলোকে ব্যবহার উপযোগী করে তুললে এক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে বলে আমরা মনে করি। সুনামগঞ্জ পৌরসভা শহরে একটি সুইমিংপুল নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এই স্থাপনা নির্মাণের কাজটি দ্রুত শুরু করার জন্য আমরা পৌর কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানাই। সকল অভিভাবকদের প্রতি আমাদের একান্ত অনুরোধ, একটু কষ্ট হলেও বাচ্চাদের সাঁতার শিখান। এর মধ্য দিয়ে আপনি আপনার সন্তানের সুরক্ষা নিশ্চিত করবেন। এই কাজটি না করলে বাচ্চাদের কাছে আপনি দায়ী থাকবেন। কারণ ছোটবেলায় শিশুরা নিজে নিজে কিছু শিখতে পারে না। বড় হয়ে এরা এই অক্ষমতার জন্য আপনাদেরকেই দায়ী করবে।

  • [১]