- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কাজে লাগেনি ওয়েজখালি পৌর মিনি কিচেন মার্কেট

শহীদ নূর আহমেদ
সুনামগঞ্জ পৌরসভার অর্থায়নে  শহরের ওয়েজখালি এলাকায় সবজি ও মাছ ব্যবসায়ীদের জন্যে  আধুনিক মিনি কিচেন মার্কেট নির্মাণ করার তিন বছরেও  এটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে পারে নি। মার্কেট নির্মাণের প্রথম তিন মাস কয়েকজন ব্যবসায়ী মার্কেটে ব্যবসা শুরু করলেও ক্রেতা সমাগম না হওয়ায় তারা আবার ওখান থেকে সরে এসেছেন ।  মার্কেটটি অপরিকল্পিত ভাবে নির্মাণ  করায় ব্যবসায়িরা মার্কেটে অবস্থান না করে সিএন্ডবি রোডের উপর অস্থায়ীভাবে ব্যবসা করছেন বলে জানান  ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার মো. খোরশেদ আলম। জানা যায়, পৌরসভার অর্থায়নে ২০১৪ সালে স্থাপিত করা হয় ওয়েজখালি পৌর মিনি মার্কেট। পৌরসভার মেয়র আয়ূব বখ্ত জগলুল  ২০১৫ সালে মার্কেটটি উদ্বোধন করলে উৎসাহের সাথে কিছুদিন ব্যবসা করেন সবজি ও মাছ ব্যবসায়ীরা। তবে জায়গা স্বল্পতা, পানি ও টয়লেট ব্যবস্থা না থাকা, বিদ্যুৎ সঙ্কটসহ নানা কারণে ধীরে ধীরে  
ব্যবসায়ীদের সংখ্যা কমতে থাকে।
ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায় ফুটপাথে এখন যারা ব্যবসা করছেন তাদের সকলের জায়গা নির্মিত মার্কেটে না হওয়ায় কিছু ব্যবসায়ী মার্কেটে আর কিছু ব্যবসায়ী ফুটপাথে দোকান রাখলে মার্কেটের চাইতে ফুটপাতের দোকানেই ক্রেতা সমাগম বেশি হয়। ফলে মার্কেট থেকে আস্তে আস্তে ব্যবসায়ীরা আবার ফুটপাথে ফিরে আসেন।
মাছ বিক্রেতা জামাল হোসেন, আলমগীরসহ  কয়েকজন সবজি বিক্রেতা বলেন, কিচেন মার্কেট অনেক ভিতরে। সড়ক থেকে ক্রেতারা ব্যবসায়ীদের দেখতে পান না। মার্কেটে পানি, টয়লেট ও বিদ্যুতের ব্যবস্থা নাই। আমরা অনেকেই মার্কেটে যেতে চাই কিন্তু  রাস্তায় ভাল বিক্রি হয় বলে আমাদের ব্যবসায়ীদের অনেকেই স্ব ইচ্ছায়  মার্কেটে ব্যবসা করতে চান না। তবে সঠিক ব্যবস্থাপনা সৃষ্টি ও পৌর কর্তৃপক্ষ কঠোর নির্দেশনা দিলে  ব্যবসা করতে ব্যবসায়ীরা মার্কেটে যাবে বলে অভিমত তাদের।    
এদিকে কিচেন মার্কেটে কোন ব্যবসা না হওয়ায়, সেখানে আশ্্রয় নিয়েছে পাগলসহ কিছু উদ্বাস্তু লোক। মার্কেটের মেঝেতে  মলমুত্র ত্যাগ করায় দূষিত হচ্ছে পরিবেশ।  বিদ্যুতের ব্যবস্থা না থাকায়  অন্ধকার থাকছে মার্কেটের ভেতর। মার্কেটের এমন অবস্থায় দিন দিন মার্কেটের প্রতি নেতিবাচক মনোভাব তৈরী হচ্ছে ব্যবসায়ীসহ স্থানীয়দের।
মার্কেটে না গিয়ে সড়কের উপর  অস্থায়ি ভাবে মাছ, সবজি, ফলমুলসহ নান দোকানপাট গড়ে তুলায় সড়ক সংকীর্ণ হয়ে যাচ্ছে। রাস্তায়  দুএকটা গাড়ি জড়ো হলেই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলার মো. খোরশেদ আলম বলেন, মার্কেটটি পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়নি। একারণে বৃহৎ সংখ্যক ব্যবসায়ীর এক সাথে জায়গা হয় না। কেউ মার্কেটে, কেউ রাস্তায় দোকান পাতবে তা তো হয় না। আবার  মার্কেটে ব্যবসা করতে ব্যবসায়িদেরও অনীহা রয়েছে। বেশি বিক্রির আসায় অবৈধভাবে রাস্তায় ব্যবসা করে যাচ্ছেন তারা। তবে মেয়র মহোদয় যদি যথাযথ উদ্যোগ নেন তাহলে হয়ত মার্কেটটি আবারও চালু করা যাবে।

  • [১]