দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে কাজ করতে দেরি হওয়ায় দোকান ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত—রাতে উপজেলার দোহালিয়া ইউনিয়নের বিয়ানীবাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিয়ানীবাজারের গ্যারেজ দোকানি উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের বাসিন্দা শিপাউল মিয়ার কর্মচারী দুলাল দাস কাজ করতে দেরি করায় একই গ্রামের সামান আলীর পুত্র সুমন আহমদ, সিন্দুর আলীর পুত্র সাহান মিয়া ও বাবু মিয়া তাকে বেধড়ক মারধর শুরু করে। এ সময় দোকানদার শিপাউল মিয়া মারধর করতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে তারা দোকানঘর ভাঙচুর করে এবং দোকানের মালামাল, মোবাইল ফোন, ক্যাশে থাকা নগদ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
দোকানদার শিপাউল মিয়া বলেন, সুমন আহমদ ও তার সহযোগিরা আমার কর্মচারিকে বেধড়ক মারধর শুরু করলে আমি এতে বাধা দেই। এসময় ক্ষিপ্ত হয়ে তারা আমার দোকান ভাঙচুর করে এবং নগদ, টাকা, মোবাইল ও গ্যারেজের মালামাল লুট করে নিয়ে যায়।
বৃহষ্পতিবার দুপুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার পুলিশ। জানতে চাইলে এসআই আসলাম হোসেন বলেন, দোকান ভাঙচুর ও মারধরের ঘটনায় সরজমিন তদন্ত করেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।