স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির দুটি প্রকল্পের কাজ না করেই প্রকল্পের বরাদ্দ গম ও টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ওই ইউনিয়নের চকিরঘাট গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে ওই দুটি প্রকল্পের কাজ ‘বন্যার’ জন্য করতে পারেননি বলে প্রকল্প কমিটির সভাপতিরা দাবি করলেও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আম্বিয়া আহমদ বলেছেন অন্য কথা। তিনি বলেন, কাজ হয়ে গেছে, তাঁর কাছে ছবিও আছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা বলেছেন, ‘এগুলো আমি এখানে আসার আগে নেওয়া প্রকল্প। যেহেতু একজন অভিযোগ করেছেন। আমি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
ইউএনওর কাছে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, লক্ষীপুর ইউনিয়নের লিয়াকত স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন কাজে টিআর কর্মসূচির আওতায় ২০২১—২০২২ অর্থ বছরে এক লাখ ৪০ হাজার টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল। একই বছরে এলাকার চামতলা দাখিল মাদ্রাসার উন্নয়নের জন্য কাবিখা কর্মসূচির আওতায় আরেকটি প্রকল্পে ছয় মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এসব প্রকল্পের গম ও টাকা উত্তোলন করা হলেও কোনো কাজ হয়নি। প্রকল্প কমিটির লোকজন কাজ না করেই এই বরাদ্দ আত্মসাত করেছেন।
এ ব্যাপারে লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদির বলেন, আমাদের প্রতিষ্ঠানে এ রকম কোনো কাজ হয়নি। কেউ যোগাযোগও করেনি। আমরা এ বিষয়ে কোনো কিছই জানিনা।
চামতলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হক বলেছেন, রমজান মাসের আগে সুহেল আহমদ মিন্টু নামের একজন ইউপি সদস্য তাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছিলেন মাদ্রাসায় কিছু মাটির কাজ হবে। এ জন্য কমিটিতে একজন শিক্ষক লাগবে। আর কেউ যোগাযোগ করেনি বা কোনো কাজও হয়নি।
কাগজপত্রে দেখা গেছে, ওই দুই প্রকল্পের গম ও টাকা এপ্রিল মাসে উত্তোলন করা হয়েছে। এই দুটি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিরা টাকা ও গম উত্তোলনের বিষয়টি স্বীকার করেছেন। তারা দাবি করেছেন, বন্যার কারণে কাজ করতে পারেননি। লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ওই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মনোয়ার হোসেন বলেছেন, বন্যার কারণে কাজ করতে পারিনি। এখন যেহেতু পানি কমেছে তাই কাজ শুরু করব।
চামতলা দাখিল মাদ্রাসা উন্নয়ন প্রকল্পের সভাপতি ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুহেল আহমদ ওরফে মিন্টুও একই কথা বলেছেন। তার দাবি, বন্যার কারণে মাটি বা বালু তোলা সম্ভব হয়নি। তাই কাজ করেননি। এখন কাজ করবেন।