স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইড় এলাকায় নির্মাণাধীন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে আরেকটি বিদ্যুৎ সাবস্টেশন হচ্ছে। এই বিদ্যুৎ সাবস্টেশনটি করবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। আগামী ৫ ফেব্রুয়ারি এই নতুন বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণের মালামাল সুনামগঞ্জে আসা শুরু হবে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এই সাবস্টেশনের আশপাশে হলে ওখান থেকেই বিদ্যুৎ সুবিধা দেওয়া হবে। এই সাবস্টেশনে সুনামগঞ্জ গ্রীড স্টেশন এবং ছাতক গ্রীড স্টেশন অর্থাৎ দুটি গ্রীড স্টেশন থেকেই বিদ্যুৎ প্রাপ্তির সুবিধা থাকবে। সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের
একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সদর উপজেলার কাঠইড়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়েছে। ওখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি সংশ্লিষ্টদের অনুরোধপত্র দেন। তাঁর অনুরোধ পত্রের প্রেক্ষিতেই উর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত এখানে ১০ এমভি’র একটি সাবস্টেশন নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন। ৪০ শতক জমির উপর এই সাবস্টেশন হবে। জমি ক্রয়ের জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি আহ্বান করেছে। বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী আগামী ৫ ফেব্রুয়ারি থেকে আসা শুরু হবে। সাবস্টেশন নির্মাণের প্রকৌশলীসহ প্রয়োজনীয় জনবলও ২-৩ দিনের মধ্যে আসতে শুরু হবে। এই বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ হলে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও আশপাশ এলাকায় উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। নতুন করে ২৫ হাজার মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম অখিল কুমার সাহা জানালেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রীর প্রচেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে এখানে ১০ এমভি’র বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ হচ্ছে। এই সাবস্টেশন নির্মাণে জমিসহ সবকিছু মিলিয়ে ব্যয় প্রায় ৫ কোটি টাকা হবে। তবে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ সামগ্রী মওজুদ থাকায় এতো ব্যয় হবে না। ৫ ফেব্রুয়ারি থেকে নির্মাণ সামগ্রী আসতে শুরু হবে। জমি ক্রয়ের পরই কাজ শুরু করা যাবে।
তিনি জানান, এই বিদ্যুৎ সাবস্টেশন আপাতত বঙ্গবন্ধু মেডিকেল কলেজে বিদ্যুৎ সরবরাহ করবে। পরে এর আশপাশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় হলে ওই প্রতিষ্ঠানেও বিদ্যুৎ সরবরাহ হবে।