- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কানাইখালি নদী খনন প্রকল্পের সাথে খাল খনন কাজও দ্রুত শুরু করুন

কানাইখালি নদী খনন প্রকল্পটি বাস্তবায়নের খবরে জামালগঞ্জের ১৫/২০ টি গ্রামের মানুষ আনন্দিত হবেন নিঃসন্দেহে। এই নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বৃহত্তর পাগনার হাওরের পানি অপসারিত হতে পারে না। ফলে ফসলি বোরো জমি পানিমগ্ন থাকে সারা বছর। চাষাবাদ করা যায় না ফসল। এই অবস্থা দীর্ঘ দুই দশকের। কানাইখালী নদীটি পাগনার হাওরের তীরবর্তী গ্রামাঞ্চলগুলোর জন্য অভিশাপে পরিণত হয়েছিল। এলাকাবাসী নানাভাবে হাওরের পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসলেও এতদিন বিষয়টি উপেক্ষিত থেকেছে। জানা যায়, দুই দশক ধরে হাওরের জমিতে চাষাবাদ করতে না পেরে বহু সম্পন্ন কৃষক ভূমিহীদ দরিদ্রে পরিণত হয়েছেন। অবশেষে বর্তমান সরকার বিএডিসির মাধ্যমে কানাইখালি নদী খনন করে পাগনার হাওরের পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করায় এলাকাবাসীর মতো আমরাও আনন্দিত। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ স্থানীয় সংসদ সদস্যকে আমরা বিপুলভাবে অভিনন্দিত করছি। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, নদী খনন প্রকল্পের দরপত্র প্রক্রিয়া শেষ হয়ে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই খনন কাজ শুরু হবে। শুধু নদী খনন করলেই পাগনার হাওরের পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যাবে না। আমরা জানতে পেরেছি হাওরের পানি নিষ্কাশনের জন্য হাওরের ভিতর থেকে নদী পর্যন্ত খাল খনন করতে হবে। আমরা আরও জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ড হাওরে ৯ কিলোমিটার খাল খননের একটি পরিকল্পনা চূড়ান্ত করেছেন। নদী খনন প্রকল্পের শতভাগ সুবিধা পাওয়া তথা একটি বড় হাওরের সুফলা জমিকে আবারও আবাদের আওতায় নিয়ে আসতে এই খাল খনন কাজটিও দ্রুততার সাথে শুরু করতে হবে। আশা করি পাউবো বিষয়টির গুরুত্ব অনুধাবন করে নদী খনন প্রকল্পের সাথে সমান্তরালভাবে খাল খননের কাজটিও শুরু করবে। আর যদি অবস্থা এমন হয় যে, নদী খনন হয়ে গেছে কিন্তু হাওরের খাল খনন হয় নি, তাহলে হাওর যেই কে সেই অবস্থায়ই থাকবে। মাঝখানে গচ্চা যাবে সরকারি তহবিলের একটি বড় পরিমাণ টাকা।
আমরা বরাবরই বলে আসছি, কৃষি ও কৃষকের সমস্যাই আমাদের দেশের বড় সমস্যা। কারণ দেশের অর্থনীতির প্রধান স্তম্ভ হলো কৃষি। কৃষিকে উপেক্ষা করে কখনও আমাদের স্থায়িত্বশীল উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষি ও কৃষকের যত সমস্যা তা তড়িৎগতিতে সমাধানের উদ্যোগ গ্রহণ করা আমাদের উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার থাকার কথা। কিন্তু পাগনার হাওরের জলাবদ্ধতার সমস্যাটি দীর্ঘ বিশ বছর ধরে ঝুলে থাকা থেকে প্রমাণ হয় জাতীয় উন্নয়ন পরিকল্পনায় কৃষি এখনও যথাযথ গুরুত্ব পায় নি। নতুবা একটি হাওরের ধান উৎপাদনের বিষয়টিকে এতদিন অবজ্ঞা করে থাকার কথা ছিল না। এ জন্য গত বিশ বছর ধরে ওই এলাকায় দায়িত্ব পালনকারী সকল স্তরের জনপ্রতিনিধিবৃন্দকে দায়িত্ব নিতে হবে। অবশ্য বিশ বছর পরে হলেও বর্তমান জনপ্রতিনিধিবৃন্দ সমস্যাটিকে গুরুত্ব দেয়ায় তাঁরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখন প্রকল্পটির যথাযথ বাস্তবায়নে সকলকে মনোযোগী হওয়া উচিৎ।
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পাগনার হাওরের প্রতিটি ইঞ্চিতে যে বছর বোরো ধানের সবুজ সোনালী শীষ বাতাসে আন্দোলিত হবে সেবছর হাজার কৃষক পরিবারের মুখে যে অনাবিল হাসি ফুটে উঠবে সেটি হলো আমাদের উন্নয়নচিত্রের প্রকৃত বৈশিষ্ট্য। এই হাসি আমরা দেখতে চাই, ধরে রাখতে চাই। এজন্য অবশ্যই চাই কানাইখালি নদী খননের সাথে সাথেই হাওরের খাল খনন কাজের দ্রুত ও সঠিক বাস্তবায়ন। আমরা সরকারের এই জনহিতকর কাজের সর্বতো সফলতা কামনা করি।  

  • [১]