স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের কার্ডধারীরা আজ (বৃহস্পতিবার) থেকে টিসিবি’র পণ্য পাবেন। জেলার ১২ উপজেলার নিম্নআয়ের এক লাখ ১৪ হাজার ৯১২ জনের তালিকা বুধবার টিসিবি’র সিলেট বিভাগের আঞ্চলিক কার্যালয়ে (শেরপুর) জমা হওয়ায় টিসিবির পণ্য দেওয়া শুরু হয়েছে।
দেশব্যাপী মঙ্গলবার থেকে শুরু হয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম। সুনামগঞ্জ জেলার সব উপজেলার ফ্যামেলী কার্ডের তালিকা জমা না দেয়ায় বুধবার পর্যন্ত সুনামগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু হয় নি। টিসিবির পণ্য ৪ ৫টি কেন্দ্রে বিক্রয় করবেন ৪৫ জন ডিলার। নির্ধারিত মূল্যে পণ্য কিনতে পারবেন জেলার ১ লাখ ১৪ হাজার ৯১২ জন কার্ডধারী।
টিসিবির আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বশীলরা জানান, সিলেট বিভাগের অন্য তিন জেলা সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার থেকেই।
এই দফায় নিন্ম আয়ের কার্ডধারী ভোক্তা দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রয় হবে। তবে পেঁয়াজ বিক্রয় হবে শুধু সিটি কর্পোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে। এখন আগের মতো ট্র্যাকে করে পণ্য বিক্রি করবে না টিসিবি। শুধু পরিবার কার্ডের মাধ্যমে পরিবেশকের দোকানে বা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি করা হবে। আগে পণ্য বিতরণে যে বিশৃঙ্খলা হতো, এতে তা দূর হবে।
টিসিবি’র সিলেটের আঞ্চলিক কর্মকর্তা (উপ পরিচালক) মো. ইসমাইল মজুমদার বুধবার সন্ধ্যায় জানিয়েছেন, সুনামগঞ্জের ১২ উপজেলার নিম্ন আয়ের মানুষের তালিকা পাওয়া গেছে। বুধবার বিকালে দিরাইয়ের স্টার এন্টারপ্রাইজ মালামাল তুলেছে। তালিকাভুক্তদের মধ্যে যাতে মালামাল বিক্রি হয় সেই বিষয়টি স্থানীয় প্রশাসন নিশ্চিত করবেন। তিনি জানান, সুনামগঞ্জের জামালগঞ্জে একজন এবং জগন্নাথপুরের দুইজন ডিলার বৃহস্পতিবার মালামাল তুলে এলাকায় নিয়ে যাবেন। বুধবার টাকা জমা দিয়ে টিসিবির আঞ্চলিক অফিসকে এই দুই ডিলার অবহিত করেছেন।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, নিম্নআয়ের মানুষের তালিকা যাচাই-বাছাই করে করা হয়েছে। কার্ডধারীদের বাইরে কোন মালামাল বিক্রয় করতে দেওয়া হবে না। সকল স্থানেই প্রশাসন এই বিষয়ে নজরদারী জোরদার রাখবে।