স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী বলেন,‘মায়ের চেয়ে আপন কেউ নেই পৃথিবীতে। একজন মা নিঃস্বার্থভাবে সন্তানদের বড় করে তুলেন। তাই সন্তানদের উচিত বাবা-মায়ের মনে দুঃখ না দেয়া। তারা কষ্ট পান এমন কোন কাজ না করা। ’
বিশ্ব মা দিবস ও ‘সুনামগঞ্জ কালচারাল ফোরাম’ র ৩য় বর্ষপূতি অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী।
এসময় তিনি বাল্যকালে মায়ের সাথে বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে স্মৃতিকাতর হয়ে পড়েন।
মঙ্গলবার সন্ধায় শহীদ আবুল হোসেন মিলানায়তনে জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী ফৌজিয়ারা বেগম শাম্মীর সভাপতিত্বে ও এনটিবি’র জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদ’র সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আ.ত.ম. সালেহ, সিভিল সার্জন আব্দুল হাকিম, জেলা কালচারাল অফিসার আহমেদ মনজুরুল হক চৌধুরী।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিল রহমান, লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা বেগম প্রমুখ।
আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় সাংস্কতিক অনুষ্ঠান।