স্টাফ রিপোর্টার
পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন এলাকার দূর দূরান্ত থেকে খেলা
দেখতে আসা দর্শকরা গণমাধ্যমের কাছে এসব অভিযোগ করেছেন।
পাগলা বাজার এলাকার রফিক মিয়া ও পলাশের রুবেল আহমদ নামের দুইজন দর্শক জানান, মাইকিংয়ে আমরা শুনেছি সাধারণ টিকেট ৩০ টাকা; কিন্তু আজ বৃহস্পতিবার দুপুরে এসে দেখি প্রতি টিকেট ৫০ টাকা করে রাখা হচ্ছে। আমরা ৫০ টাকা করেই টিকেট সংগ্রহ করেছি।
একইভাবে ১০০ টাকা ভিআইপি গ্যালারির টিকেট ৩০০ টাকা ও ২০০ টাকা ভিআইপি গ্যালারির টিকেট ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন একাধিক দর্শক। দর্শকরা আরো জানান, দুপুরে কাউন্টারে টিকেট না পাওয়া গেলেও কালোবাজারে শত শত টিকেট বিক্রি করা হয়েছে।
শুধু সাধারণ দর্শকই নয় ফাইনালে অংশ নেয়া ছাতক থানার সাধারণ দর্শকদের জন্য ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের ব্যক্তিগত উদ্যোগে ক্রয় করা পশ্চিম দিকের একটি গ্যালারির (১৮০০) টিকেট ৩০ টাকার স্থলে ৫০ টাকা করে রাখা হয়েছে। ৫৪ হাজার টাকার টিকেটে ৩৬ হাজার টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে।
ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ এলাকার দর্শকদের জন্য আমি ব্যক্তিগত উদ্যোগে পুরো একটি গ্যালারির ১৮০০ টিকেট ক্রয় করেছি। নিয়ম অনুযায়ী ৩০ টাকা করে আমার কাছ থেকে ৫৪ হাজার টাকা রাখার কথা থাকলেও ৯০ হাজার টাকা রাখা হয়েছে। অতিরিক্ত টাকা রাখার বিষয়টি আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছি। ’
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বলেন,‘ কালো কাজারে টিকেট বিক্রির অভিযোগ আমরা পেয়েছি এবং বিষয়টি রোধে তাৎক্ষণিক আইন প্রয়োগকারী সংস্থাকে অবগত করেছি।’
সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন,‘ছাতকের উপজেলা চেয়ারম্যান সাহেব আমাদের বিষয়টি জানান নি। খেলা শুরুর আগে বিষয়টি আমাদেরকে অবগত করলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যেত। বিষয়টির খোঁজ খবর নেয়া হবে। ’