- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কুরবাননগরের ইউপি সদস্যা করফুল নেছাকে বসতঘরে ঢুকে মারধর

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যা হাছনবাহারের বাসিন্দা মোছা. করফুল নেছাকে বসতঘরে ঢুকে প্রতিপক্ষরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যায় ইউপি সদস্যার বসতঘরে এই হামলার ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী কয়েক ব্যক্তি তার উপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ আহত ইউপি সদস্যা মোছা. করফুল নেছাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি এখনও সদর হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন।
এই ঘটনায় শনিবার বিকালে প্রতিবেশী রেনু মিয়া, ফজল মিয়া, খলিল মিয়া, মিজানুর রহমান, সাজিদ মিয়া, মোহাম্মদ আলী, আশিক মিয়া, সাহেব আলী, মহফুল আলী,  ইস্কন্দর আলীসহ ১৩ জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন আহত ইউপি সদস্যা মোছা.   
করফুল নেছা।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউপি সদস্যা করফুল নেছার সাথে প্রতিবেশি রেনু মিয়ার পূর্ব বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় করফুল নেছার একটি পাতি হাঁস প্রতিবেশী রেনু মিয়ার ঘরে ঢুকে পড়ে। পরে তিনি হাঁসটি ধরে নিয়ে আসেন। এই ঘটনা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়; পরে রেনু মিয়া ও তার লোকজন ইউপি সদস্যা করফুল নেছার বসতঘরে গিয়ে হামলা চালায়, তাকে মারধর করে। তার কানে থাকা স্বর্ণের দুল ও ঘর থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয় একটি সূত্রে জানায়, পূর্ব বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্যাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।    
সদর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন,‘কুরবাননগরের ইউপি সদস্যা  মোছা. করফুল নেছার উপর হামলা ও মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

  • [১]