- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কুরবাননগরে টাকার বিনিময়ে মনোনয়ন?

বিশেষ প্রতিনিধি
সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক সুভাস পালের বিরুদ্ধে দলীয় মনোনয়ন লাভকারী চেয়ারম্যান প্রার্থী কুহিনুর আলমকে অর্থের বিনিময়ে সমর্থন করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলেছেন একই ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত জেলা কৃষক লীগের সহ প্রচার সম্পাদক জুনেদ আহমদ।
তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভকারী চেয়ারম্যান প্রার্থী কুহিনুর আলম বলেছেন, ‘যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি তারা ক্ষোভে এসব মিথ্যা কথা বলছেন। কেউ এসব অভিযোগের প্রমাণ দেখাতে পারবে না ’।
একইভাবে অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক সুভাস পাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্টে জুনেদ আহমদ লিখেছেন, ‘কুরবাননগর ইউনিয়নের দুই… (সংবাদপত্রে প্রকাশের অযোগ্য ভাষা) তৈয়ব আলী ও সুভাস পাল টাকার বিনিময়ে কুহিনুরকে সমর্থন দিয়েছে। অথচ সুভাস নিজেই চেয়ারম্যান প্রার্থী ছিল। টাকা পেয়ে নিজেকে বিক্রি করে দিয়েছে। কত নিকৃষ্ট মানুষ এরা, টাকা পেলে সব কিছু করতে পারে। ছি: ধিক্কার তোদের জীবনকে !’
জুনেদ আহমদ তাঁর ফেসবুক একাউন্টে ওই মন্তব্য করার পাশাপাশি দলীয় মনোনয়ন লাভকারী কুহিনুর আলম এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক সুভাস পালের ছবি দিয়েছেন।
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত জেলা কৃষক লীগের   সহ প্রচার সম্পাদক জুনেদ আহমদ দৈনিক সুনামগঞ্জের খবরের কাছে অভিযোগ করে আরো বলেন, ‘কুহিনুর আলম অর্থের বিনিময়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সমর্থন আদায় করেছে এটা এলাকার সবাই জেনে গেছে। কারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাস পাল নিজেই চেয়ারম্যান প্রার্থী ছিল বলে এলাকায় প্রচার দিয়েছিল। কিন্তু যাকে চেয়ারম্যান পদে তারা সমর্থন করেছে সেই কুহিনুর আলম জীবনেও আওয়ামী লীগের রাজনীতি করেনি। এমনকি সে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ কোন সংগঠনের সাথে জড়িত ছিল না। তাদের বাড়ির কোন লোক আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত নেই। দলের কোন সংগঠনের সাথে জড়িত না থাকলে হঠাৎ করে কিভাবে দলীয় মনোনয়ন লাভ করল তা আর কারোর বুঝার বাকি নেই। টাকা পয়সা লেনদেন হয়েছে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেনের মাধ্যমে।’
তবে অভিযোগ অস্বীকার করে মোবারক হোসেন জানিয়েছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কুহিনুরকে মনোনয়ন প্রদানের জন্য কেন্দ্রে লিখিত আবেদন করেছেন।
জুনেদ আহমদ আরো জানিয়েছেন, দলীয় মনোনয়ন লাভ করে কুহিনুর আলমের লোকজন সোমবার বিকালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ জনের বাড়ির সামনে মিছিল ও হৈ হুল্লুর করে উত্তেজনা ও বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করেছে।
এদিকে, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত আরেক আ.লীগ নেতা শামছুউদ্দিন বলেন,‘আমরা এলাকায় থেকে দীর্ঘদিন কাজ করেছি। এলাকার সাধারণ লোকজন ও দলীয় নেতা-কর্মীদের সুখে দুঃখে পাশে ছিলাম। আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। কিন্তু আমরা কেউ দলের মনোনয়ন পাইনি। অথচ এলাকায় না থেকে প্রবাস থেকেই আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেছে জাতীয় ছাত্র সমাজের নেতা কুহিনুর আলম। দলের মনোনয়ন লাভ করে এখন আমাদের বাড়ি-ঘরের সামনে মিছিল করে উত্তেজনার সৃষ্টির চেষ্টা করছে।’
কুরবাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাস পাল বলেন, ‘উপজেলা-জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তে মনোনয়ন দেয়া হয়েছে কেন্দ্র থেকে। মনোনয়ন না পাওয়াতে এখন আমাদের বিরুদ্ধে নানা মিথ্যা ও বানোয়াট কথা বলা হচ্ছে। আমি নিজে দেখিনি তবে শুনেছি জুনেদ  আহমদ ফেসবুকে আমাদের বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে। আমি এই বিষয়ে জেলা আ.লীগের প্রেসিডেন্ট মতিউর রহমানের কাছে নালিশ করেছি।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলী বলেন, ‘আমরা টাকার বিনিময়ে কুহিনুর আলমকে সমর্থন করেছি এটা মিথ্যা কথা। কুহিনুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে নেই ঠিক। ওয়ার্ড কমিটিতে আছে কি না আমার জানা নেই। তবে মহাজোটের নির্বাচনে মমতাজ ইকবাল ও মতিউর রহমানের নির্বাচনের সময় আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। আমরা ইউনিয়নের পর্যায়ের সবাইকে নিয়ে চেম্বার অব কমার্সে বসে সম্ভাব্য প্রার্থী হিসাবে শামছুউদ্দিন, কহিনুর আলম, সুভাস পালসহ ৫ জনের নাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে জমা দিয়েছি। কুহিনুর আলমকে মনোনয়ন দেয়া হয়েছে কেন্দ্র থেকে।’
আওয়ামী লীগের মনোনয়ন লাভকারী কুহিনুর আলম মনোনয়ন বঞ্চিত দুই নেতার সকল অভিযোগ অসত্য দাবি করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা, আমি কোন অনৈতিক কাজের সাথে জড়িত নই, টাকা পয়সা দিয়ে মনোনয়ন আনার প্রশ্নই আসে না।  এসবের কোন প্রমাণ দেখাতে পারবেন তারা। টাকা পয়সা কাকে দিব, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। উনি যাকে ভাল মনে করছেন তাকে মনোনয়ন দিয়েছেন। তারা যদি রাজনৈতিক দলের নেতা হয়ে থাকেন তাহলে বলতে হবে প্রধানমন্ত্রীকে টাকা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী সকল তথ্য-উপাত্ত যাচাই বাছাই করে ভাল মনে করেই আমাকে মনোনয়ন দেয়া দিয়েছেন। ২০০২-০৩ শিক্ষাবর্ষে সিলেট ‘ল’ কলেজে ছাত্র সংসদে ছাত্রলীগের প্যানেলে আমি সমাজসেবা সম্পাদক ছিলাম। আমি মতিউর রহমানের সাহেবের নির্বাচনে তার সাথে কাজ করেছি। মনোনয়ন না পাওয়ার ক্ষোভে আমার বিরুদ্ধে এসব কথা এখন বলা হচ্ছে।’
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ মোবারক হোসেন বলেন,‘ কিছু ফাজিল পুলাপান এসব মিথ্যা কথা বলছে। কুহিনুর আলমকে কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে। তাকে দলের মনোনয়ন প্রদানের জন্য কুরবাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজে ঢাকায় গিয়ে ওবায়দুল কাদেরের কাছে লিখিত আবেদন করেছেন। ’   

  • [১]