বিশেষ প্রতিনিধি
কুরবানির ঈদ উপলক্ষে প্রতি বছরই সুনামগঞ্জের ব্যাংকগুলোতে ফরেন রেমিটেন্স (বৈদেশিক অর্থ প্রবাহ) বাড়ে। দেশে থাকা স্বজনদের মাধ্যমে কুরবানি দেওয়া বা আত্মীয়-স্বজন এবং অপেক্ষাকৃত দরিদ্র মানুষদের মাঝে কুরবানি’র গোস্ত বিতরণ করে থাকেন প্রবাসীরা। কিন্তু এবার ফরেন রেমিটেন্স কম আসছে ব্যাংকগুলোতে। জেলার প্রবাসী অধ্যুষিত উপজেলা জগন্নাথপুরের ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, এই সময়ে অন্যান্য বছর খুবই ব্যস্ততায় কাটাতে হয়েছে তাদের। কিন্তু এবার সেই ব্যস্ততা নেই।
জেলাব্যাপী কৃষকরা বোরো ধান ঘরে তুলতে না পারায় অনেক কৃষক-ই এবার কুরবানি দিতে পারছেন না। জেলার প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোয় প্রবাসীরা প্রতিবছরই হয় নিজেরা এসে কুরবানি দেন, না হয় আত্মীয়-স্বজনের মাধ্যমে অর্থ পাঠিয়ে কুরবানি দিয়ে আত্মীয়-স্বজন এবং দরিদ্রদের মাঝে কুরবানি’র গোস্ত বিতরণ করেন।
সুনামগঞ্জ জেলা শহর এবং প্রবাসী অধ্যুষিত উপজেলা জগন্নাথপুরের ব্যাংক ব্যবস্থাপকরা বলেছেন, এবার কুরবানি উপলক্ষে অন্য যে কোন সময়ের চেয়ে কম ফরেন রেমিটেন্স দেশে আসছে।
সুনামগঞ্জ মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপক মো. জাহেদ হোসেন বলেন,‘এবার বিগত বছরের চেয়ে অনেক কম রেমিটেন্স এসেছে।’
পূবালী ব্যাংক সুনামগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপক ধূর্জটি প্রসাদ ভট্টাচার্য বলেন,‘আমাদের জাউয়াবাজার এবং দিরাই উপজেলা ব্রাঞ্চে কুরবানি উপলক্ষে রেমিটেন্স ভালোই এসেছে। কিন্তু সুনামগঞ্জে ব্রাঞ্চে অন্যান্য বছরের চেয়ে কম।’
ব্র্যাক ব্যাংকের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম বলেন, ‘সুনামগঞ্জের ফসলহারা কৃষক পরিবারের মানুষজন এবার কষ্টে আছেন। অন্যান্য বছর যারা কুরবানি দিয়েছেন, তাদের অনেকের পক্ষে কুরবানি দেওয়া এবার সম্ভব হবে না। সেই হিসাবে কুরবানি উপলক্ষে এবার রেমিটেন্স বেশি আসার কথা ছিল। কিন্তু সেটি হচ্ছে না। বরঞ্চ অন্যান্য বছরের চেয়ে কম আসছে ফরেন রেমিটেন্স।’
উত্তরা ব্যাংক জগন্নাথপুর উপজেলা সদর শাখার ব্যবস্থাপক মো. নাজির হোসেন বলেন,‘ফরেন রেমিটেন্স এমনিতেই কমে আসছে। প্রবাসে বিশেষ করে যুক্তরাজ্যে প্রথম, দ্বিতীয় থেকে এখন তৃতীয় প্রজন্মের সন্তান-সন্ততিরা পরিবারের কর্তা হিসাবে রয়েছেন। তৃতীয় প্রজন্মের প্রবাসীদের দেশের প্রতি আন্তরিকতা কিছুটা কমেছে। তারা এখন দেশে জমি-জমা না কিনে, দেশের সম্পদ বিক্রি করে টাকা ওখানে নেওয়ার চেষ্টা করছে।’ তিনি জানান, ফরেন রেমিটেন্সের ক্ষেত্রে উত্তরা ব্যাংকের সিলেট জোন’এ তারা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় অবস্থানের মধ্যে সব সময়ই থাকেন। অন্যান্য বছর কুরবানির ঈদের ৩-৪ দিন আগে থেকে এতো ফরেন রেমিটেন্স আসতো, গ্রাহকদের সঙ্গে কথা বলতে বলতে গলা ভেঙে যেতো, এবার সেটি হচ্ছে না। অন্যান্য বছর এই সময়ে তাকেও (ব্যবস্থাপককে) কাজ করতে হয়েছে। এবার কাজ কম।’
অবশ্য. সুনামগঞ্জের ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক জ্যোতিলাল গোস্বামী জানিয়েছেন, তাঁদের শাখায় এই মাসে গত বছরের চেয়ে ফরেন রেমিটেন্স বেড়েছে। গত বছর আগস্ট মাসে ৪১৪ জন গ্রাহকের আসা ফরেন রেমিটেন্সের পরিমাণ ছিলো- এক কোটি ৬৩ লাখ টাকা। এবার এই পর্যন্ত (সোমবার পর্যন্ত) ৪৭৩ জন গ্রাহকের আসা ফরেন রেমিটেন্সের পরিমাণ ২ কোটি ১৪ লাখ টাকা। আগামী ৩ দিনে আরও গ্রাহকের রেমিটেন্স আসতে পারে বলে মনে করছেন তারা। জ্যোতিলাল গোস্বামী মনে করছেন, ফরেন রেমিটেন্সের সার্ভিস ডেস্ক আলাদা থাকায় এবং দ্রুততম সময়ের মধ্যে সার্ভিস প্রদান করায় তাঁদের ফরেন রেমিটেন্স বেশি এসেছে।