- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কুরবানির পশুর চামড়ার যৌক্তিক দাম নির্ধারণ জরুরি

আন্তর্জাতিক বাজারে মন্দা, গত বছরের চামড়ার মওজুদ থাকা, লবণ সংকট, হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তর সংক্রান্ত জটিলতাসহ নানা কারণ দেখিয়ে ট্যানারি মালিকরা এ বছর কুরবানির পশুর চামড়ার দর নির্ধারণে অনিচ্ছা প্রকাশ করে আসছিলেন। এ পরিস্থিতিতে কাঁচা চামড়ার দাম নির্ধারণ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ট্যানারি ব্যবসায়ীদের বৈঠক হয় সম্প্রতি। বৈঠকে ব্যবসায়ীরা গত বছরের তুলনায় ৪০ শতাংশ দাম কম নির্ধারণ করে চলতি বছর কুরবানির চামড়া কেনার প্রস্তাব দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় এই প্রস্তাবে রাজি হয়নি, তারা ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে যৌক্তিক দাম নির্ধারণের জন্য। আমরাও মনে করি ব্যবসায়ীদের প্রস্তাবিত দর অযৌক্তিক। ট্যানারি মালিকরা যৌক্তিক দামে চামড়া কিনতে সম্মত না হলে বিক্রেতারা বঞ্চিত হবেন, প্রান্তিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, বেড়ে যাবে চামড়া পাচার।
উল্লেখ্য, গত বছর কোরবানির মৌসুমে ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা। ঢাকার বাইরে বিক্রি হয় ৪০-৪৫ টাকা। এ ছাড়া সারা দেশে প্রতি বর্গফুট মহিষের চামড়া ৩৫-৪০ টাকা, খাসি ২০-২২ টাকা ও ভেড়ার চামড়া ১৫-১৭ টাকা দর নির্ধারণ করা হয়। ট্যানারি ব্যবসায়ীরা যে দর প্রস্তাব করেছেন তা বাস্তবায়িত হলে চলতি কুরবানির মৌসুমে সংগৃহীত প্রতি বর্গফুট গরুর চামড়ার দর হতে পারে ঢাকায় ৩৫ থেকে ৪০ টাকা। এ হিসাবে ঢাকার বাইরের দর হতে পারে ২৫ থেকে ৩০ টাকা। মহিষ, ছাগল, ভেড়া ও খাসির চামড়ার দরও অনুরূপ হারে কমতে পারে। এত কম দামে ট্যানারি মালিকরা চামড়া কিনলে মৌসুমি ব্যবসায়ীরা কী লাভ করবেন আর বিক্রেতারাই বা কী দাম পাবেন। দেখা যাবে লাভজনক দামে দেশে বিক্রি করতে না পেরে পার্শ্ববর্তী দেশে চামড়া পাচারের দিকে ঝুঁকছেন তারা। অতীতেও আমরা দেখেছি, কুরবানির সময়ে ট্যানারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চামড়ার দর কমিয়ে দেন। এমনো হয়েছে ট্যানারি মালিকরা কম দামে চামড়া সংগ্রহ করতে মাঠ পর্যায়ে লোক নিয়োগ করেছেন। তখন মৌসুমি ও প্রান্তিক চামড়া সংগ্রাহকরা বেশি দামে চামড়া কিনে বিপাকে পড়েছেন। এই নৈরাজ্যকর অবস্থার অবসানেই কুরবানির আগে ট্যানারিতে চামড়া কেনার দর নির্ধারণ করে দেয়ার ব্যবস্থাটি শুরু হয়েছে। এখনো দেখা যাচ্ছে ট্যানারি ব্যবসায়ীরা নানা অজুহাতে চামড়ার যৌক্তিক দাম দিতে অনীহা দেখিয়েই যাচ্ছেন।
দেশে চামড়ার মোট চাহিদার ৪৮ শতাংশ কুরবানির ঈদের সময় সংগৃহীত হয়। ট্যানারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, এ বছর কুরবানির জন্য সব মিলিয়ে এক কোটি চার লাখ পশু তৈরি আছে। গত বছর এ সংখ্যা ছিল ৯৬ লাখ ৩৫ হাজার। তিনি আরো জানিয়েছেন, কুরবানির ঈদে যাতে লবণের সংকট তৈরি না হয়, সে জন্য দেড় লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ৭৫ হাজার টন শিল্প মালিকদের জন্য আর বাকি ৭৫ হাজার টন ভোক্তাদের জন্য। কাজেই লবন সংকটের অজুহাত ধোপে টিকছে না। এবার ট্যানারি মালিকরা গত বছরের তুলনায় ৪০% কমিয়ে যে দর প্রস্তাব করেছেন, তা এক ধরনের জিম্মি করার কৌশল বলেই সহজে প্রতীয়মান।
সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে যে কোনো মহলের বিশেষ সুবিধা আদায় বিষয় কোনো প্রকারেই সমর্থনযোগ্য নয়। ট্যানারিগুলো যথার্থ দামে চামড়া না কিনলে চামড়ার বাজারে ভারসাম্যহীনতা তৈরি হয়, পাচারকারীদের জন্য সুযোগ প্রশস্ত হয়। দেশের চামড়ার বাজার স্থিতিশীল রাখতে এবং পাচার ঠেকাতে কাঁচা চামড়ার যৌক্তিক মূল্য নির্ধারণ জরুরি। আমরা আশা করব সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে চামড়া ব্যবসা ও চামড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা নিজেরাই যুক্তিসঙ্গত দাম নির্ধারণে এগিয়ে আসবেন। অন্যদিকে ট্যানারি ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো অবশ্যই সরকারের বিবেচনায় নেয়া উচিত। শুধু দর নির্ধারণ করে দেয়াই যথেষ্ট নয়, নির্ধারিত দামে যাতে চামড়া বিকিকিনি হয় সেটাও মনিটর করতে হবে সরকারকে। দেশি চামড়া ও চামড়াজাত দ্রব্য শিল্পের বিকাশ নিশ্চিত করার জন্যই এটা জরুরি।

  • [১]