- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কৃষকদের সুবিধার্থে ইউনিয়ন পর্যায়ে ভর্তুকির সার-বীজ বিতরণ করা হবে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বোরো ফসলহারা ৩ লাখ কৃষকের জন্য সাড়ে ৫৮ কোটি টাকার কৃষি পুনর্বাসন বরাদ্দ উপজেলা অনুযায়ী দ্রুত সময়ে বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। গতকাল রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জ সদর উপজেলার ২৬ হাজার ৮৯৩ জন কৃষক , দক্ষিণ সুনামগঞ্জে ২৯ হাজার ২২৭ জন, দোয়ারাবাজারে ২২ হাজার ১৫৫ জন, বিশ্বম্ভরপুরে ১৪ হাজার ২৯২ জন, জগন্নাথপুরে ২৩ হাজার ৪৮৪ জন, জামালগঞ্জে ২৮ হাজার ৯৬৫ জন, তাহিরপুরে ২৯ হাজার ৯৪৮ জন, ধর্মপাশায় ৪৫ হাজার ৩৬৪ জন, ছাতকে ১৮ হাজার ৭৬৬ জন, দিরাইয়ে ৩৬ হাজার ২৯১ জন ও শাল্লায় ২৪ হাজার ৬১৫ জন কৃষি কার্ডের মাধ্যমে ভর্তুকি পাবেন।
জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, কমিটির সদস্য সচিব জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক, জেলা বিএডিসির বীজ বিপণন শাখার সিনিয়র সহকারি পরিচালক আওলাদ হোসেন, জেলা কৃষক লীগের আহবায়ক    
অ্যাড. আসাদ উল্লাহ সরকার, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব বিন্দু তালুকদার প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘সুনামগঞ্জ জেলার ৩ লাখ কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি করে বোরো ধানের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও প্রত্যেককে নগদ ১ হাজার টাকা প্রদান করা হবে। কৃষকদের সুবিধার্থে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কৃষকদের সার-বীজ বিতরণ করা হবে। তবে নগদ অর্থ সহায়তা কৃষকদের ব্যাংক একাউন্টের মাধ্যমে বিতরণ করা হবে। কৃষকদেরকে স্থানীয় সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক শাখায় কৃষি কার্ড ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে ১০ টাকায় একটি হিসাব খোলতে হবে। কৃষকদের ওই হিসাবেই ভর্তুকির ১ হাজার টাকা প্রদান করা হবে। ’
সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক জানান, সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় সরকারি ৫টি ব্যাংকের মোট ৫৯টি শাখা রয়েছে। উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকের এসব শাখায় স্থানীয় কৃষকরা হিসাব খোলবেন।
উল্লেখ্য, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম গত ২৫ সেপ্টেম্বর সুনামগঞ্জের বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত ৩ লাখ ১৫ হাজার ৮৪ কৃষক পরিবারকে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষি ভর্তুকি প্রদানের জন্য কৃষি মন্ত্রণালয়ের সচিবকে জরুরি পত্র লিখেছিলেন। সেই পত্রের আলোকে কৃষি মন্ত্রণালয় সুনামগঞ্জের ৩ লাখ কৃষককে কৃষি পুনর্বাসন সহায়তা প্রদানের জন্য ওই বরাদ্দ ছাড় করেন বলে জানিয়েছেন তিনি।
সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের ৬টি জেলার বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত ৬ লাখ কৃষকের কৃষি পুনর্বাসন সহায়তার জন্য ১১৭ কোটি টাকার কৃষি পুনর্বাসন কার্যক্রম হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

  • [১]