- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি সিপিবির

সু.খবর ডেস্ক
কৃষক ও কৃষি বাঁচাতে সরকারিভাবে প্রতিটি ইউনিয়নে ক্রয়কেন্দ্র চালু করে কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, করোনা সংকটে দেশের অর্থনীতি চরম হুমকির মুখে। এই অবস্থায় দেশের কৃষিকে বাঁচাতে না পারলে দেশ সংকটে পড়বে।

গতকাল শুক্রবার অনলাইনে অনুষ্ঠিত সিপিবির কভিড-১৯ রেসপন্স টিমের সভায় আরও বলা হয়, কৃষক যাতে ধানের লাভজনক দাম অর্থাৎ উৎপাদন ব্যয়ের দেড়গুণ দাম পায়, তা সরকারকেই নিশ্চিত করতে হবে। মধ্যস্বত্বভোগী ফড়িয়াদের কঠোরভাবে দমন করতে হবে। মুনাফালোভী রাইসমিল মালিক ও ধান-চাল সিন্ডিকেটের প্রতারণায় কৃষক যেন বিপন্ন না হন, সে জন্য ইউনিয়নে ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে। সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সভায় আরও অংশ নেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, কাজী সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, মিহির ঘোষ, আবদুল্লাহ ক্বাফী রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আহসান হাবিব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার, মাহবুবুল আলম, ডা. ফজলুর রহমান ও অ্যাডভোকেট সোহেল আহমেদ।

নেতারা বলেন, কৃষকের বোরো ধান কাটা, মাড়াই, নিরাপদে ঘরে তোলা, বাজারজাতকরণ ইত্যাদি কাজে সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে হবে। ধান কাটার জন্য ফসলের এলাকায় বিনা খরচে ক্ষেতমজুরদের যাতায়াত, স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা ও থাকা-খাওয়ার বন্দোবস্ত করতে হবে।
সূত্র : সমকাল

  • [১]