কৃষিজীবীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ার দিন ফুরিয়ে আসছে। আর ভোগান্তির মাশুল গুনতে গুনতে জীবন পার করে দিতে হবে না। প্রযুক্তির কল্যাণ এখন কৃষকের কল্যাণে যুক্ত হয়ে কৃষিজীবী মানুষের জীবনে নতুন দিগন্তের উন্মোচন ঘটাতে যাচ্ছে। শতাব্দীর পর শতাব্দী বাংলার কৃষক শোষণ, বঞ্চনা, নিপীড়ন, নির্যাতন আর নির্মমতার ভেতর এমনভাবে সেঁধিয়ে আছে যে, জাগরণের দিশা আর তার জন্য বরাদ্দ হয় না। বরং গলার ফাঁস হয়ে আসে কত শত রকমের দুর্ভোগ। দুর্যোগের ঘনঘটায় হয়ে যায় সে সর্বস্বান্ত। সব হারাদের দলে নাম লিখিয়ে তারপর নিশ্চিহ্ন হতে থাকে জমিজমা, বসতঘরসহ সপরিবারে। সাধারণ কৃষকের জীবন বড়ই করুণ। এই বাংলার আকাশ, বাতাস, মাটি, নদী, খাল-বিল, আলো জানে বাংলার চাষীর জীবনজুড়ে সুখ-শান্তি, আরাম-আয়েশ বলে কিছু নেই। দুঃখ, কষ্ট, বেদনা, অশান্তি আর দুঃসহ শ্রমের মধ্য দিয়ে পাড়ি দিতে হয় চাষাভুষাদের চড়াই-উতরাই। সর্বত্র পথ তার বন্ধুর। এক মুঠো আশার আলো হাতছানিও দেয় না। ধরা দেয়া দূরে থাক। বরং মহাজনের ঋণ শোধ আর মধ্যস্বত্বভোগীর দাপটে অনেকের জীবনের সকল পথজুড়ে নেমে আসে ঘন অন্ধকার। সেই আঁধার ভেদ করে বেরিয়ে আসার মতো শক্তি ধারণ করা আর সম্ভব হয় না। নিরন্তর চাষাবাদে সমস্ত শ্রম ব্যয়ের পর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য আর মেলে না। লোকসানের সাগরে হাবুডুবু খেতে হয়। কিষান-কিষানী জানে, তাদের উৎপাদিত পণ্য গ্রামগঞ্জ ছেড়ে শহরে চলে যায়। বিত্তবানের খাদ্য তালিকায় পায় ঠাঁই। চড়া দামে তারা কিনে নেয় তাদের শ্রমের ফসল। অথচ যদি পেত পণ্যের ন্যায্যমূল্য তবে হতদরিদ্র, দুস্থ জীবন থেকে পেত মুক্তি। লাঙ্গল, জোয়াল কাঁধে নিয়ে ভূমি চাষ, বীজ বপন, আগাছা নিড়ানো, কাস্তে হাতে ফসল কর্তন শেষে কাঁধে-ঘাড়ে করে বাড়ি আনা, ফসল মাড়াই ইত্যাকার কঠিন পরিশ্রম শেষে যদি শ্রমের মূল্যটুকু হাতে না আসে, তবে হতাশার কালো অন্ধকার, কালো মেঘের গর্জন-তর্জন আর দুঃস্বপ্নের করাল গ্রাসে সবই ব্যর্থ হয়ে যায়। এদেশের কৃষকরা অতীতে তাদের ন্যায্য দাবিতে আন্দোলন-সংগ্রাম করেছে।
কৃষকের শ্রমে গড়ে উঠেছে বাংলাদেশ। অথচ তাদের শ্রম পায় না সঠিক মূল্য। বর্তমান শেখ হাসিনার কৃষি ও কৃষকবান্ধব সরকার এই দুরবস্থা লাঘবে দীর্ঘদিন ধরে সচেষ্ট। তারই অংশ হিসেবে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য ঠেকাতে এবার ডিজিটাল পদ্ধতিতে শস্য সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। পদক্ষেপ হিসেবে যা যুগান্তকারী। কৃষকদের ন্যায্য পাওনা প্রাপ্তি ও ভোগান্তি দূর করতে খাদ্যশস্য সংগ্রহ ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। তথ্যপ্রযুক্তি বিভাগ কৃষকদের সুবিধার জন্য এ পদ্ধতি চালু করেছে, যাতে কৃষকরা পণ্যের ন্যায্যমূল্য যেমন পাবে, তেমনি দেখা মিলবে না আর মধ্যস্বত্বভোগী শোষকদের। শেরপুর ও নাটোরে পাইলট কর্মসূচীটি চালু করা হয়েছে। প্রকল্পটি সফল হলে সারাদেশেই চালু করা হবে। প্রচলিত পদ্ধতিতে আর খাদ্যশস্য সংগ্রহ হবে না তখন। প্রতারিত হবে না আর কৃষক। কোন ধরনের ঝামেলা ছাড়াই সরাসরি কৃষক তার উৎপাদিত ধান ও চাল সরকারের কাছে বিক্রি করতে পারবে। মিল মালিক ও কৃষক মোবাইলে ধান-চালের চাহিদা, সরবরাহের তারিখ খুদে বার্তার মাধ্যমে জেনে যাবে। সার্বিকভাবে প্রকল্পটি সফল হলে লাভবান হবে কৃষকসহ দেশ ও জাতি। কৃষিজীবী মানুষের জীবনে নেমে আসে যেন প্রশান্তি।