- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কৃষি পুনর্বাসন কার্যক্রম- ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি ও ব্যাংক হিসাব খোলতে ধীরগতি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ৩ লাখ ক্ষতিগ্রস্ত বোরো চাষীকে আগামী বোরো মৌসুমে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার এবং নগদ অর্থ সহায়তার জন্য সাড়ে ৫৮ কোটি টাকার কৃষি পুনর্বাসন কার্যক্রম হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়।
তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার-বীজ ও নগদ টাকা বিতরণ কার্যক্রম এখন শুরু হয়নি। কৃষকদের তালিকা প্রণয়ন ও ১০ টাকার ব্যাংক হিসাব খোলতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।
ইতোমধ্যে সরকারি ডিলারদের বীজ বিক্রির কার্যক্রম শুরু হয়ে গেছে। জেলায় ২৫১৫ মে. টন ব্রি- ২৮ জাতের বীজ ধানের মধ্যে ১২০০ মে. টন ও ১৮০০ মে. টন ব্রি- ২৯ জাতের বীজ ধানের মধ্যে ৩০০ মে. টন বীজ সুনামগঞ্জের বিএডিসির গোদামে এসেছে এবং ডিলারদের মাধ্যমে বিক্রি চলছে।  
জানা যায়, জেলার ৩ লাখ কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি করে বোরো ধানের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও প্রত্যেককে নগদ ১ হাজার টাকা প্রদান করা হবে। ইউনিয়ন পর্যায়ে কৃষকদের সার-বীজ সরাসরি হাতে হাতে বিতরণ করার উদ্যোগ নিয়েছে জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি। তবে নগদ অর্থ সহায়তা কৃষকদের ব্যাংক একাউন্টের মাধ্যমে বিতরণ করা হবে। গতকাল রোববার পর্যন্ত কৃষকদের ব্যাংক হিসাব খোলার কাজ শুরু হয়নি।
দিরাইয়ের রফিনগর মির্জাপুর গ্রামের কৃষক মাও. এমদাদুল হাসান বলেন, ‘শুনেছি সরকারিভাবে কৃষকদের বিনামূল্যে সার-বীজ দেয়া হবে। কবে থেকে তা দেয়া হবে এখনও আমাদের জানানো হয়নি। কারা কারা পাবেন এই বিষয়টি আমরা জানি না। ব্যাংকে এখনও হিসাব খোলা শুরু হয়নি। সরকারি সার-বীজ দিলে সময়মত দিতে হবে। ’
ধর্মপাশার      সুখাইর বাজাপুর উত্তর ইউপির চেয়ারম্যান ফরহাদ আহমেদ বলেন,‘ কৃষকদের তালিকা আমাদের কাছে রয়েছে। যাদের ভর্তুকি দেয়া তাদের চূড়ান্ত তালিকা ও কৃষকদের ব্যাংক হিসাব খোলার কাজ বাকি আছে। তবে উপজেলা প্রশাসনের নির্দেশনা রয়েছে দ্রুত তালিকা করার জন্য।’
জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিদ বলেন,‘ ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ প্রায় শেষ, এখন চূড়ান্ত করা হবে। আগামী সপ্তাহের শুরুতেই ভর্তুকিপ্রাপ্তরা ব্যাংকে ১০ টাকার হিসাব খোলবেন।’
সোনালী ব্যাংক সুনামগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপক শেখ মোহাম্মদ সুজাদুল হক বলেন,‘ আমাদের কাছে কৃষকদের তালিকা প্রদান করা হবে, তারপর হিসাব খোলা হবে। তবে এখন পর্যন্ত আমরা কোন তালিকা পাইনি। ’
সুনামগঞ্জ বিএডিসির বীজ বিপণন শাখার সিনিয়র সহকারি পরিচালক আওলাদ হাসান বলেন,‘কৃষকদের ভর্তুকির সার-বীজ প্রদানে কোন উপজেলায় কত বরাদ্দ দেয়া হবে, সেই তালিকা আমরা এখনও পাইনি। তবে ডিলারদের মাধ্যমে বীজ বিক্রি শুরু হয়েছে। গতকাল রোববার পর্যন্ত ১২০০ মে. টন ব্রি- ২৮ ও ৩০০ মে.টন ব্রি- ২৯ জাতের বীজ সুনামগঞ্জে এসেছে এবং ডিলাররা তা উত্তোলন করে বাজারে বিক্রি করছেন। ’
জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক বলেন,‘ কৃষকদের তালিকা তৈরি ও ব্যাংক হিসাব খোলার কাজ পুরোদমে চলছে। নভেম্বরের প্রথম সপ্তাহেই আমরা সার-বীজ বিতরণ শুরু করতে পারব। নগদ টাকা প্রদানের আগেই যত দ্রুত সম্ভব সার-বীজ বিতরণ করব আমরা। ’
উল্লেখ্য, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম গত ২৫ সেপ্টেম্বর সুনামগঞ্জের বোরো ফসলহারা ক্ষতিগ্রস্ত ৩ লাখ ১৫ হাজার ৮৪ কৃষক পরিবারকে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষি ভর্তুকি প্রদানের জন্য কৃষি মন্ত্রণালয়ের সচিবকে জরুরি পত্র লিখেছিলেন। সেই পত্রের আলোকে কৃষি মন্ত্রণালয় সুনামগঞ্জের ৩ লাখ কৃষককে কৃষি পুনর্বাসন সহায়তা প্রদানের জন্য ওই বরাদ্দ ছাড় করেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে ১৫ অক্টোবর রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে কৃষি পুনর্বাসন বরাদ্দ দ্রুত সময়ে বিতরণ করা হবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জ সদর উপজেলার ২৬ হাজার ৮৯৩ জন কৃষক, দক্ষিণ সুনামগঞ্জে ২৯ হাজার ২২৭ জন, দোয়ারাবাজারে ২২ হাজার ১৫৫ জন, বিশ্বম্ভরপুরে ১৪ হাজার ২৯২ জন, জগন্নাথপুরে ২৩ হাজার ৪৮৪ জন, জামালগঞ্জে ২৮ হাজার ৯৬৫ জন, তাহিরপুরে ২৯ হাজার ৯৪৮ জন, ধর্মপাশায় ৪৫ হাজার ৩৬৪ জন, ছাতকে ১৮ হাজার ৭৬৬ জন, দিরাইয়ে ৩৬ হাজার ২৯১ জন ও শাল্লায় ২৪ হাজার ৬১৫ জন কৃষি কার্ডের মাধ্যমে ভর্তুকি পাবেন।

  • [১]