- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কেন্দ্রীয় শহিদ মিনার প্রসঙ্গে জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ

সুনামগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নূরুল হুদা মুকুট ও পরিষদের নির্বাচিত সকল সদস্যগণের দায়িত্ব গ্রহণ তথা প্রথম সভানুষ্ঠানকে আমরা অভিনন্দিত করছি এবং পরিষদের পুরো কার্যমেয়াদের সফলতা কামনা করছি। প্রথম সভায় শহরের একটি গুরুত্বপূর্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের (সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়) প্রয়োজনীয় উন্নয়ন কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়টি সুখকর। এর মধ্য দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও পরিষদের জনহিতকর কাজে জেলা পরিষদকে সম্পৃক্ত রাখার ইতিবাচক মনোভাবটি ফুটে উঠেছে। আমরা আশা করি জেলা পরিষদের যাবতীয় সক্ষমতাকে জনগণের স্বার্থে এইভাবে ব্যবহার করে সকলের সামনে তাঁরা একটি অনুপম দৃষ্টান্ত উপস্থাপন করবেন। এই আশাবাদ থেকে জেলা পরিষদ চেয়ারম্যানসহ পুরো পরিষদের একটি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়টি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল সুনামগঞ্জবাসীর প্রাণের একটি দাবি। সেটি হলো শহরে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক শহিদ মিনার স্থাপন। বিগত বছরগুলোতে কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ নিয়ে শহরে বহু ঘটনা ঘটে গেছে। শহরের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দের সমন্বয়ে সর্বসম্মত কিছু সিদ্ধান্তও গৃহিত হয়েছিলো। কিন্তু এ যাবৎ গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নের কোন উদ্যোগের দেখা মিলেনি। এই উদ্যোগহীনতা শহরের তরুণ ও যুব সম্প্রদায়সহ মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা স্থাপনকারীদের জন্য বেদনাদায়ক।
১৯৭১ সনে ঐতিহাসিক বিজয় অর্জনের অব্যবহিত পরেই বর্তমান স্টেশনরোডের একটুকরো সরকারি জমিতে সদ্য যুদ্ধফেরৎ বীর মুক্তিযোদ্ধারা নিজেদের শ্রমের বিনিময়ে যে শহীদ মিনারটি গড়ে তুলেছিলেন সেটিই শহরের কেন্দ্রীয় শহিদ মিনার নামে পরিচিত। এই শহীদ মিনারটিই স্বস্থানে বহাল রেখে এর পরিসর সম্প্রসারণ ও দৃষ্টিনন্দন করার নাগরিক প্রস্তাবনা ছিলো। কিন্তু জায়গার বরাদ্দ প্রাপ্তির বিষয়টির সুরাহা না হওয়ায় এর বাস্তবায়ন আটকে রয়েছে বলে জানা যায়। সরকারি এই জায়গার আরও কিছু অংশ শহিদ মিনারের জন্য বন্দোবস্ত প্রাপ্তির জন্য কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা সেটি কারও জানা নেই। এর মধ্যে বর্তমান শহিদ মিনারের জায়গার পরিবর্তে অন্যত্র একটি কেন্দ্রীয় শহিদ মিনার স্থাপনের বেশ কিছু প্রচেষ্টা অতীতে জনতার প্রতিবাদের মুখে বন্ধ হয়। জনসাধারণ চাচ্ছেন, স্টেশন রোডের বর্তমান স্থানেই কেন্দ্রীয় শহিদ মিনার গড়ে উঠুক। দৈনিক সুনামগঞ্জের খবরের একটি জনমত জরিপেও জনগণের এই মনোভাব ফুটে উঠেছিলো। আমরা কামনা করি বর্তমান জেলা পরিষদ সুনামগঞ্জের আপামর মানুষের এই প্রাণের দাবি বাস্তবায়নে জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করুন।
শহিদ মিনার হলো চেতনা উৎসারিত একটি স্থাপনা যেখানে আসলে দেশের প্রতি মানুষের অন্তরের টান তৈরি হয়। এখানে আসলে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এমন অবিচ্ছেদ্য বাঙালি ইতিহাসের সাথে তরুণ প্রজন্মের পরিচয় ঘটে। সুতরাং দেশপ্রেমের প্রতীক শহিদ মিনার এমন জায়গায় হওয়া উচিৎ যেখানে সবসময় জনচলাচল বজায় থাকে। বলাবাহুল্য এমন স্থান হিসেবে বর্তমান কেন্দ্রীয় শহিদ মিনারের বিকল্প আর কোন স্থান শহরে নেই। আর যেহেতু এই শহিদ মিনারটির সাথে বীর মুক্তিযোদ্ধাদ্ধের শ্রম আর ঘাম মিশে আছে এবং এটিই স্বাধীনতার পর শহরে নির্মিত প্রথম শহিদ মিনার সেহেতু এর ঐতিহাসিক ও আবেগের বিষয়টি বিশেষভাবে বিবেচনার যোগ্য। জেলা পরিষদের চেয়ারম্যান বর্তমান ক্ষমতাসীন দলের দীর্ঘকালীন যোগ্য সাধারণ সম্পাদক ছিলেন। জেলা পরিষদ সদস্যরাও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এবং নিজ নিজ ক্ষেত্রে প্রথিতযশা। সুতরাং এমন একটি যোগ্য পরিষদের কাছে আমরা দৃষ্টিনন্দন ও আধুনিক কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের আশা করতেই পারি।  

  • [১]